ডিএসই: এসইসির সিদ্ধান্তে বিনিয়োগকারীদের স্বস্তি
ঢাকা শেয়ারবাজারে আজও সাধারণ মূল্যসূচকের ঊর্ধ্বগতি লক্ষ করা গেছে। সাধারণ সূচক দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মোট ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৯৮৫ পয়েন্টে। লেনদেন হওয়া মোট ২২৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৩৩টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে ৮৪টি এবং অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ার। টাকার অঙ্কে আজকের বাজারে লেনদেন এখনো বেশ চাঙা। মোট ৪১২ কোটি টাকার লেনদেনের অঙ্ক ইতিমধ্যে ছুঁয়ে ফেলেছে ঢাকা শেয়ারবাজার। আজ মঙ্গলবার লেনদেনের শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো—গ্রামীণফোন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, দি সিটি ব্যাংক লিমিটেড, লঙ্কা-বাংলা ফিন্যান্স লিমিটেড এবং কেয়া কসমেটিক্স লিমিটেড।এদিকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের গতকালের নেওয়া বিশেষ সিদ্ধান্তে বিনিয়োগকারীরা খুশি। তাঁদের মতে, এতে বিনিয়োগকারীদের প্রাথমিক শেয়ারের টাকা পাওয়া সহজ ও দ্রুততর হবে। তাঁরা আরও বলেন, এ সিদ্ধান্তে সম্প্রতি গোল্ডেন সান নামের একটি প্রতিষ্ঠানের প্রাথমিক শেয়ারের টাকা নিয়ে যে অনিশ্চয়তা দেখা দিয়েছিল, তা কেটে যাবে।