ডিএসই: গ্রামীণফোনের ঋণসুবিধা বন্ধ হলো
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) আজ বৃহস্পতিবার থেকে পুঁজিবাজারে দেশের একমাত্র মোবাইল পরিষেবা প্রতিষ্ঠান গ্রামীণফোনের ঋণসুবিধা বন্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। কোনো ব্রোকারেজ হাউস এসইসির নির্দেশনা মোতাবেক গ্রামীণফোনকে ঋণসুবিধা দিচ্ছে না বলে জানা গেছে। এদিকে আজ গ্রামীণফোনের শেয়ারের দাম কমে গেছে। গ্রামীণফোনের দাম কমে যাওয়ার প্রভাব আজকের বাজারে বেশ স্পষ্ট। দুপুর নাগাদ বাজারের সাধারণ মূল্যসূচক প্রায় ১৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৬৫৯ পয়েন্টে। এ সময় পর্যন্ত শেয়ারবাজারে মোট লেনদেন হয়েছে ৫০৮ কোটি টাকা।আজ লেনদেনকৃত ২০৭টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে বেশির ভাগেরই দাম কমেছে। ১৩২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে, বেড়েছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে মোট পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের। আজ শেয়ারবাজারে লেনদেনে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠানের সর্বশেষ বিক্রীত মূল্য হলো—বেক্সিমকো লিমিটেড ৩৭৯ টাকা, গ্রামীণফোন ৩৫২ টাকা, লঙ্কা-বাংলা ফিন্যান্স ৪০৭ টাকা, বেক্সটেক্স ৯৪.৬ টাকা এবং এবি ব্যাংক এক হাজার ২৩০ টাকা। শেয়ারবাজারে আজ থেকে ঢাকা ইনস্যুরেন্স লিমিটেডের লেনদেন শুরু হয়েছে। ১০০ টাকা অভিহিত মূল্যের এই শেয়ার সর্বোচ্চ ৯১৩ টাকা মূল্যে বিক্রি হতে দেখা গেছে। এদিকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আজ বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ স্টক ডিভিডেন্ট ঘোষণা করেছে।