ডিএসই: গ্রামীণফোনের দাম কমায় শেয়ারবাজারে সূচকের পতন লেনদেন চাঙ্গা
এককভাবে গ্রামীণফোনের শেয়ারের দরপতন আর মিউচুয়াল ফান্ডগুলোর দাম কমায় সূচকের বেশ খানিকটা পতন ঘটেছে ঢাকা শেয়ারবাজারে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক কমেছে ৬৮ পয়েন্ট। এতে সূচক নেমে এসেছে ৫২০০ পয়েন্টের ঘরে। তবে বছরের শুরু থেকেই লেনদেনের হাজার কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার যে প্রবণতা ছিল, তা আজও ছিল অব্যাহত। আজ মোট লেনদেন হয়েছে এক হাজার ৪৮১ কোটি টাকা। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ১৩১টির।এদিকে গ্রামীণফোনের দাম কমলেও আজ লেনদেনের শীর্ষে ছিল প্রতিষ্ঠানটি। দিনশেষে প্রতিষ্ঠানটির দাম গড়ে ২১ টাকা কমেছে। তবে লেনদেন হয়েছে সর্বোচ্চ ১১৬ কোটি টাকার শেয়ার। এর পরই ছিল বেক্সিমকো টেক্সটাইল, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা ও ইউনিয়ন ক্যাপিটাল।গ্রামীণফোনের শেয়ারের দাম গতকাল এতটা বেড়ে যাওয়ায় ডিএসই যে অনুসন্ধানমূলক চিঠি দিয়েছিল, তার জবাবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, অব্যাহত দাম বৃদ্ধির সুনির্দিষ্ট কোনো কারণ তাদের জানা নেই।এদিকে সমরিতা হাসপাতাল জানিয়েছে, তারা ২০০৮-০৯ অর্থবছরের জন্য যে স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল, তা এরই মধ্যে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের অ্যাকাউন্টে চলে গেছে।এ ছাড়া পুবালী ব্যাংক নিয়ন্ত্রক সংস্থার অনুমতি সাপেক্ষে তাদের নিজস্ব প্রতিষ্ঠানের আওতায় সাতটি ব্রোকারেজ হাউস ইউকে, মালয়েশিয়া, স্পেন, ইটালি, ইউএসএ, ইউএই ও সিঙ্গাপুরে গঠন করার ইচ্ছা প্রকাশ করেছে। এদিকে ম্যাকসন স্পিনিং প্রতিষ্ঠানটি আজ তাদের বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি বার্ষিক সাধারণ সভা আগামী ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে।এ ছাড়া কাল থেকে এ ক্যাটাগরির অধীনে সেকেন্ডারি মার্কেটে লেনদেন শুরু হচ্ছে ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের, অন্যদিকে প্রাইম ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের লেনদেন শুরু হচ্ছে আগামী ২ ফেব্রুয়ারি।