ডিএসই: গ্রামীণফোনের শেয়ারের দাম কমেছে, ব্যাংকগুলোর বেড়েছে
ঢাকা শেয়ারবাজারে আজ লেনদেন শুরু হওয়ার সময় সাধারণ মূল্যসূচক প্রায় ১৬ পয়েন্ট কমে গিয়েছিল। তবে দুপুর ১২টা ১৫ মিনিটে এই প্রতিবেদন জমা দেওয়ার সময় মূল্যসূচক এক দশমিক চার পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৬০২ পয়েন্টে। তখন পর্যন্ত মোট লেনদেন হয় ৫১৪ কোটি টাকার।আজ শেয়ারবাজারে মোট ২১২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১১১টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের।শেয়ারবাজারে আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড, গ্রামীণফোন, এবি ব্যাংক লিমিটেড, লঙ্কা-বাংলা ফিন্যান্স ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড। ঢাকা শেয়ারবাজারে আজ বৃহস্পতিবার গ্রামীণফোনের শেয়ারের দাম গতকাল থেকে সাত টাকা কমেছে। আজ ব্যাংকিং খাতের শেয়ারের দাম কিছুটা বেড়েছে। কমেছে লিজিং প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের শেয়ারমূল্য। বিমা খাতে মিশ্রভাব পরিলক্ষিত হচ্ছে।এদিকে এক্সিম ব্যাংকের ষষ্ঠ ও সপ্তম বিশেষ সাধারণ সভা আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে বলে ব্যাংক সূত্রে জানা গেছে।