ডিএসই: গ্রামীণফোনের শেয়ারের দাম বেড়েছে ৮ টাকা
সাধারণ সূচকসহ লেনদেনের চাঙাভাব দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ারবাজারের আজকের লেনদেন। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বোচ্চ ১৬৯০ কোটি টাকা লেনদেন হয়েছে। সাধারণ সূচক ৫২ পয়েন্ট বেড়ে এই প্রথমবারের মতো ৫০০০ পয়েন্ট পার হয়েছে। তবে লেনদেনসহ সূচকের ঊর্ধ্বগতি থাকলেও সারা দিনই কমতির দিকে ছিল বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দিন শেষে দাম বেড়েছে ৭২টির, কমেছে ১৭১টির।লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড, গ্রামীণফোন বেক্সিমকো টেক্সটাইল, এবি ব্যাংক এবং সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড।এদিকে আজ বাজার শুরুর দিকে গ্রামীণফোনের শেয়ারের দাম কমার কারণে সাধারণ সূচক অনেকটাই পড়তির দিকে ছিল। কিন্তু গ্রামীণফোনের সঙ্গে বাংলা লিংকের নেটওয়ার্ক-সম্পর্কিত চুক্তি স্বাক্ষরের খবর প্রকাশের পর এ প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বাড়তে থাকে, যার ইতিবাচক প্রভাব পড়ে সাধারণ সূচকে। দিনের শেষে গ্রামীণফোনের শেয়ারের দাম গত দিনের তুলনায় আট টাকার মতো বেড়েছে।এদিকে পিপলস ইন্সুরেন্সে শেয়ার কাল থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন হবে বলে জানা গেছে। আর ৮ ফেব্রুয়ারি রেকর্ড ডেটের কারণে প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।এ ছাড়া আজ থেকে সেকেন্ডারি মার্কেটে লেনদেন শুরু হওয়া প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের শেয়ার ২১ থেকে ২৫ টাকার মধ্যে লেনদেন হয়েছে।দিন শেষে ডিএসইতে শুধু ব্যাংকিং খাতের শেয়ারের দামই বেশি বাড়তে দেখা গেছে। কমতির দিকে ছিল মিউচুয়াল ফান্ড, বিমা, বিদ্যুত্-জ্বালানি খাতের শেয়ারগুলো।