ডিএসই: ঢাকা শেয়ারবাজারে সাধারণ মূল্যসূচকের নতুন রেকর্ড
সপ্তাহের শেষ কর্মদিবসে আজ বৃহস্পতিবার শেয়ারবাজারের সাধারণ মূল্যসূচকের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এ দেশের শেয়ারবাজারের ইতিহাসে এই প্রথমবারের মতো সাধারণ মূল্যসূচক পাঁচ হাজারের উঠে গেছে। সাধারণ মূল্যসূচক আজ ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩৯ পয়েন্টে। দুপুর ১২টা পর্যন্ত মোট লেনদেন হয়েছে ৩৪৬ কোটি টাকা। শেয়ারবাজারে আজ লেনদেন হয়েছে মোট ২১৬টি প্রতিষ্ঠানের শেয়ার। এর মধ্যে দাম বেড়েছে ১৩৩টি প্রতিষ্ঠানের, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের। লেনদেনের শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো—গ্রামীণফোন, বেক্সিমকো লিমিটেড, ম্যাকসন স্পিনিং মিলস লিমিটেড, ফুয়াং সিরামিকস লিমিটেড ও যমুনা অয়েল লিমিটেড। এদিকে ঢাকা শেয়ারবাজারের সাধারণ মূল্যসূচক পাঁচ হাজার পয়েন্ট অতিক্রম করায় সন্তোষ প্রকাশ করলেও বাজারে ব্যবসা করা বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের অতি মূল্যায়নে আশঙ্কা প্রকাশ করেছেন ডিএসইর সহসভাপতি শাকিল রিজভী। তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের অতি মূল্যায়নে বাজারের প্রবৃদ্ধির ধারা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব বাজারে আর বেশিসংখ্যক প্রতিষ্ঠানের নিবন্ধন ত্বরান্বিত করতে হবে।