ডিএসই: পর পর দ্বিতীয় দিনের মতো সূচক নিম্নমুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণফোনের শেয়ারের দাম গতকালের তুলনায় কিছুটা বাড়লেও সাধারণ সূচকের নিম্নগতি দিয়েই শেষ হয়েছে আজকের ঢাকা শেয়ারবাজারের লেনদেন। যদিও মোট লেনদেন ছিল চাঙা। এদিকে গতকাল গ্রামীণফোনের শেয়ারের দাম ২৯ টাকার মতো কমে যাওয়ায় সাধারণ সূচক কমেছিল সর্বোচ্চ ১৩৭ পয়েন্ট। এ জন্য গ্রামীণফোনের স্পট মার্কেটে লেনদেন শুরু হওয়াকেই দায়ী করেছেন সাধারণ বিনিয়োগকারীরা। অন্যদিকে বাজার কর্তৃপক্ষ এসইসির এ সিদ্ধান্তকে সময়োপযোগী বলে মনে করছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি রকিবুর রহমানের মতে, বাজারে কোনো শেয়ারের দাম অতিরিক্ত বেড়ে যাওয়া যেমন ঠিক না, তেমনি বাজার স্থিতিশীল রাখতে এসইসিরও সময়োপযোগী পদক্ষেপ প্রয়োজন। অন্যদিকে বুঝে-শুনে বিনিয়োগ করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আজ অর্থমন্ত্রী এক অনুষ্ঠনে বর্তমান পুঁজিবাজার খুব একটা গভীর নয় বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, বর্তমানে ব্যাংকগুলো যে হারে পুঁজিবাজারের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে, সে জন্য বাংলাদেশ ব্যাংকের নজরদারি বৃদ্ধি করতে হবে।আজ ডিএসইতে সাধারণ সূচক ১৫ পয়েন্টের মতো কমেছে। মূল্যসূচক দাঁড়িয়েছে ৫৬০৭ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে এক হাজার ১৮৫ কোটি টাকার। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ১৬১টির। খাত বিশেষে ব্যাংক বিদ্যুত্ ও জ্বালানি খাতের শেয়ারের দাম কমেছে। মিশ্রভাব ছিল মিউচুয়াল ফান্ডের। তবে বিমা খাতের শেয়ারের দাম কিছুটা বেড়েছে।লেনদেনের ভিত্তিতে আজ শীর্ষস্থানে ছিল বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো টেক্সটাইল, লংকা-বাংলা ফিন্যান্স, সামিট পাওয়ার ও গ্রামীণফোন।সাউথ ইস্ট ব্যাংক তাদের বিনিয়োগকারীদের জন্য কী পরিমাণ লভ্যাংশ ঘোষণা করবে, তা ঠিক করতে কাল পরিচালনা পর্ষদের বৈঠক আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে পুঁজিবাজারে কার্যক্রম চালানোর জন্য পৃথক সাবসিডিয়ারি কোম্পানি গঠন করার কথা জানিয়েছে উত্তরা ব্যাংক। অন্যদিকে ফুয়াং ফুড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড ও প্রিমিয়ার ব্যাংকের কাল থেকে স্পট মার্কেটে লেনদেন শুরু হচ্ছে। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী ১ মার্চ রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে প্রতিষ্ঠানগুলোর শেয়ার লেনদেন।