ডিএসই: প্রতিষ্ঠানের মৌল ভিত্তি দেখে বিনিয়োগ করার পরামর্শ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের
বিনিয়োগকারীদের আতঙ্কের কারণেই শেয়ারবাজারে সূচকের উত্থান-পতন বেশি হয় বলে মন্তব্য করেছেন মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান। তিনি আরও বলেন, ভালো মৌল ভিত্তি দেখে বিনিয়োগ না করার কারণেই হঠাত্ হঠাত্ সূচকের এমন পতন ঘটে। তাঁর মতে, বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর মূলধন বেশি থাকলেও বাজারের বড় একটি অংশ জুড়ে রয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। অনেক সময় এসব বিনিয়োগকারী শেয়ারের ভবিষ্যত্ বিচার না করেই কান-কথা ও গুজবের ওপর ভিত্তি করে বিনিয়োগ করেন। সে কারণেই মূলত বাজারে মাঝেমধ্যে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়। এদিকে আজ বেলা ১১টায় সাধারণ মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়ে বাজার শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমতে থাকে। যদিও গ্রামীণফোনের শেয়ারের বাজার ছিল বাড়তির দিকে। কিন্তু বিনিয়োগকারীরা আজ শেয়ার বিক্রির দিকে ঝুঁকে পড়ায় কমে গেছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম। তবে সাধারণ সূচক এখনো ঋণাত্মক দিকে যায়নি। বেলা দেড়টার সময় শেয়ারবাজারের সাধারণ মূল্যসূচকের বৃদ্ধি পাঁচ পয়েন্টে নেমে এসেছে। বর্তমানে সাধারণ সূচক রয়েছে পাঁচ হাজার ৬৭৫ পয়েন্টে। এ সময় পর্যন্ত মোট লেনদেনের পরিমাণ ছিল ৫৩৮ কোটি টাকা। আজ অন্যান্য দিনের তুলনায় মোট লেনদেনও হয়েছে অনেক কম।