ডিএসই: প্রাথমিক শেয়ারের টাকা না পেয়ে বিনিয়োগকারীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে আজ সারা দিন সাধারণ সূচকের ওঠা-নামা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সাধারণ সূচক ঋণাত্মক পর্যায়ে নেমে এসেছিল। তবে দিন শেষে সাধারণ সূচক আবার ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭২২ পয়েন্টে। লেনদেন সারা দিনই ছিল বেশ চাঙা। মোট লেনদেন হয়েছে এক হাজার ১০০ কোটি টাকার।আজ মোট ২৪২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৯টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ ঢাকা শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো বেক্সিমকো লিমিটেড, এবি ব্যাংক, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনস লিমিটেড, যমুনা অয়েল কোম্পানি, ম্যাকসন স্পিনিং মিলস লিমিটেড।এদিকে, আজ দুপুরের দিকে শেয়ারবাজার প্রাঙ্গণে একদল বিনিয়োগকারী বিক্ষোভ মিছিল করে। গোল্ডেন সান নামের একটি প্রতিষ্ঠানের প্রাথমিক শেয়ারের টাকা বিনিয়োগকারীদের হিসাবে না পৌঁছানোই এই বিক্ষোভের কারণ বলে জানা যায়। বিক্ষোভকারীরা এ ব্যাপারে ডিএসইর হস্তক্ষেপ কামনা করেন। তবে ডিএসই জানিয়েছে, কোনো প্রতিষ্ঠান বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রাথমিক শেয়ারের টাকা না পাঠালে তাদের কিছুই করার নেই। তবে ডিএসই ব্যাপারটি নিয়ে এসইসিকে (সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন) অবহিত করবে বলে জানিয়েছে।