ডিএসই: বিদ্যুত্-জ্বালানি খাত ও গ্রামীণফোনের দাম বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের ঊর্ধ্বগতি থাকলেও লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে ঢাকা শেয়ারবাজারে (ডিএসই)। তবে গতকাল গড়পড়তা ব্যাংকগুলোর শেয়ারের দাম কমলেও আজ কিছুটা বেড়েছে। এ ছাড়া বৃদ্ধির দিকে ছিল গ্রামীণফোনসহ বিদ্যুত্-জ্বালানি খাতের শেয়ারগুলো। বিনিয়োগকারীদের মতে, ব্যাংকগুলোর করপোরেট ডিক্লারেশন শুরু হওয়াতেই ব্যাংকগুলোর শেয়ারের দামে কিছুটা মিশ্রভাব বিরাজ করছে। এ ছাড়া কোন ব্যাংক কী পরিমাণ ডিক্লারেশন দেয়, সেটাও বিনিয়োগকারীরা পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন।বাজারের পরিস্থিতি ভালো থাকলেও শিগগিরই শেয়ার সরবরাহ বৃদ্ধির জন্য সরকারের কাছে আবারও আহ্বান জানিয়েছে ডিএসই কর্তৃপক্ষ। ডিএসই সভাপতি রকিবুর রহমানের মতে, বাজারে যেহেতু অর্থের প্রবাহ ভালো, সেজন্য শেয়ারের সরবরাহ বৃদ্ধি করা জরুরি হয়ে পড়েছে। নয়তো বাজার অতিমূল্যায়িত হয়ে যেতে পারে বলে আশঙ্কা তাঁর।এদিকে আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে এক হাজার ৪৬৯ কোটি টাকা। সাধারণ সূচক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৭৪৫ পয়েন্টে। এ ছাড়া লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ১৭৫টির।খাত বিশেষে ব্যাংকিং খাতে আজ মিশ্রভাব ছিল। তবে কমেছে বিমা মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম।লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড, লংকা-বাংলা ফিন্যান্স, এবি ব্যাংক, গ্রামীণফোন ও বেক্সিমকো টেক্সটাইল।এ ছাড়া আজ লভ্যাংশ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক ৩০ শতাংশ স্টক ডিভিডেন্ড, লংকা-বাংলা ফিন্যান্স ১৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড, ইউনাইটেড ইন্সুরেন্স ১০ শতাংশ নগদ লভ্যাংশ এবং ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। তবে কাসেম সিল্ক প্রতিষ্ঠানটি কোনো রকম লভ্যাংশ ঘোষণা করেনি।এ ছাড়া তাকাফুল ইন্সুরেন্স শিগগিরই মিউচুয়াল ফান্ড বাজারে আনার জন্য নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে আবেদন করবে বলে জানিয়েছে। অন্যদিকে বুক বিল্ডিং পদ্ধতির মাধ্যমে বাজারে আসার প্রক্রিয়ায় থাকা আর এ কে সিরামিকস আগামী ১ থেকে ৩ মার্চ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মূল্য ঠিক করার আহ্বান জানিয়েছে।এ ছাড়া লংকা-বাংলা ফিন্যান্স তার মার্চেন্ট ব্যাংকি কার্যক্রম পরিচালনার জন্য আলাদা সাবসিডিয়ারি কোম্পানি গঠন করবে বলে জানিয়েছে।