ডিএসই: বেশির ভাগ প্রতিষ্ঠানের দাম কমেছে, সূচকের ব্যাপক পতন
ব্যাংকের শেয়ারের দরপতন ও সূচকের ব্যাপক নিম্নমুখিতা দিয়ে শেষ হয়েছে আজ বুধবার ঢাকা শেয়ারবাজারের লেনদেন। মোট লেনদেনে চাঙাভাব থাকলেও সাধারণ সূচক আজ নেমে গেছে ১০৪ পয়েন্ট। শেষ পর্যন্ত এই সূচক দাঁড়িয়েছে ৫৩৯৯ পয়েন্টে।শেয়ারবাজারে আজ বেশির ভাগ প্রতিষ্ঠানেরই শেয়ারের দরপতন লক্ষ করা গেছে। আজ মোট ১৯৯ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। শেয়ারবাজারের লেনদেনে গত কয়েক মাসের মধ্যে আজই সবচেয়ে বেশি প্রতিষ্ঠানের শেয়ারের দরপতন হয়েছে। আজ প্রায় সব ব্যাংকেরই শেয়ারের দরপতন হয়েছে। বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীরা নিজেদের হাতে থাকা ব্যাংকগুলোর শেয়ার বেশি লাভের আশায় আজ বিক্রিতে মনোযোগী হওয়ায় আজ শেয়ারবাজারে সবগুলো ব্যাংকের শেয়ারের দাম কমেছে।আজ ঢাকা শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে কোনো ব্যাংকিং প্রতিষ্ঠান নেই। সকালে গ্রামীণফোনের শেয়ারের ব্যাপক মূল্যবৃদ্ধি হলেও শেষ পর্যন্ত গ্রামীণফোন লেনদেনের শীর্ষে স্থান ধরে রাখতে পারেনি। আজ শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো এসিআই লিমিটেড, এগ্রো মার্কেটিং কোম্পানি লিমিটেড (প্রাণ), অ্যাপেক্স ট্যানারি লিমিটেড, বাটা সু লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো লিমিটেড।