ডিএসই: বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য বৃদ্ধি
লেনদেনে চাঙাভাব ও সাধারণ মূল্যসূচকের ওঠানামার মধ্য দিয়ে এগিয়ে চলেছে ঢাকা শেয়ারবাজারের আজ বুধবারের লেনদেন। বেলা একটা ১৫ মিনিট পর্যন্ত ডিএসইর সাধারণ সূচক প্রায় ৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ২৭৬ পয়েন্টে। এ পর্যন্ত মোট লেনদেন হয়েছে ৮৪৮ কোটি টাকা। শেয়ারবাজারে আজ মোট ২২৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে হয়েছে। এদের মধ্যে দাম বেড়েছে ১৩৮টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।শেয়ারবাজারে গতকালের মতোই গ্রামীণফোন ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম পড়তির দিকে। তবে ব্যাংকিং খাতের শেয়ারের দামের আজ ঊর্ধ্বগতি লক্ষ করা গেছে। লেনদেনের শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো—ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বেক্সিমকো লিমিটেড, গ্রামীণফোন, বেক্সটেক্স লিমিটেড ও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। আজ ট্রাস্ট ব্যাংক লিমিটেড সেকেন্ডারি বাজারে ফার্স্ট মিউচুয়াল ফান্ডের লেনদেন শুরু করেছে। ‘এ’ ক্যাটাগরির এ প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ১০ টাকা অভিহিত মূল্যের হলেও এর বাজার শুরু হয়েছে ২২ টাকা দিয়ে। এদিকে দ্য সিটি ব্যাংক জানিয়েছে, তারা নিয়ন্ত্রক সংস্থার অনুমতি সাপেক্ষে ব্রোকারেজ ব্যবসার জন্য আলাদা একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান গঠন করতে যাচ্ছে।