ডিএসই: ব্যাংকিং শেয়ারের মূল্যবৃদ্ধি, মিউচুয়াল ফান্ডের পতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা শেয়ারবাজারে আজ রোববার লেনদেন ছিল বেশ চাঙা। সাধারণ মূল্যসূচক ঊর্ধ্বমুখী হলেও বেশির ভাগ প্রতিষ্ঠানেরই শেয়ারের দাম কমেছে। আজ ঢাকা শেয়ারবাজারে সাধারণ সূচক ১০৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৭৪৫ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে এক হাজার ৬১৩ কোটি টাকার।শেয়ারবাজারে আজ মোট ২৪১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৫টি প্রতিষ্ঠানের, কমেছে ১৩০টি প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত রয়েছে মোট ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের।সামগ্রিক লেনদেন হিসেবে খাতওয়ারি আজ মিউচুয়াল ফান্ডের দাম ছিল নিম্নমুখী। তবে ব্যাংকগুলোর শেয়ারের দাম আজ বেশ বেড়েছে। বেশির ভাগ বিনিয়োগকারীর মতে, আজ ব্যাংকিং খাতের শেয়ারের মূল্যবৃদ্ধির মাত্রা স্বাভাবিক নয়। বাজার বিশ্লেষকেরাও ব্যাংকিং খাতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা বিনিয়োগকারীদের বুঝেশুনে বিনিয়োগ করার পরামর্শ দিয়েছেন।ঢাকা শেয়ারবাজারে আজকের লেনদেনে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের সর্বশেষ বিক্রিত মূল্য হলো বেক্সিমকো লিমিটেড ৩৩৬ টাকা, এবি ব্যাংক লিমিটেড এক হাজার ৩৫২ টাকা, গ্রামীণফোন লিমিটেড ৩৩৫ টাকা, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ৪৮৪ টাকা, নাভানা সিএনজি লিমিটেড ২৪৮ টাকা।এদিকে অব্যাহত মূল্যবৃদ্ধির কারণ জানতে চেয়ে ডিএসই কর্তৃপক্ষের নোটিশের জবাব দিয়েছে আইএলএফএসএল। তারা জানিয়েছে, তাদের প্রতিষ্ঠানের শেয়ারের অব্যাহত মূল্যবৃদ্ধির কোনো সুনির্দিষ্ট কারণ তাদের জানা নেই।পূরবী জেনারেল ইন্স্যুরেন্স বিনিয়োগকারীদের জন্য একটি সাধারণ শেয়ারের বিপরীতে দুটি রাইট শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছে। এই করপোরেট ঘোষণার জন্য আজ রোববার তাদের শেয়ারের কোনো মূল্যসীমা ছিল না।বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) তাদের বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ্য ঘোষণা করেনি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের প্রকৃত সম্পদের পরিমাণ (এনএভি) ৩১২ কোটি টাকা হলেও বর্তমানে তাদের শেয়ারপ্রতি আয়ে ক্ষতির পরিমাণ বেশি থাকায় (৫১ দশমিক ৩০ টাকা) তারা এবার বিনিয়োগকারীদের লভ্যাংশ দিচ্ছে না।