ডিএসই: মিউচুয়াল ফান্ডের বাজার চাঙা
বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দাম হ্রাস-বৃদ্ধিতে তেমন পার্থক্য না থাকলেও গ্রামীণফোনসহ মিউচুয়াল ফান্ডের দাম বাড়ার ফলে অনেকটাই বেড়েছে সাধারণ সূচকের মান। আজ ঢাকা শেয়ারবাজারে (ডিএসই) সাধারণ সূচক ৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৮২৮ পয়েন্টে। তবে গতকালের তুলনায় কমেছে মোট লেনদেনের পরিমাণ। আজ লেনদেন হয়েছে এক হাজার ৩৮১ কোটি টাকা।লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১২০টির, কমেছে ১১৩টির। খাত বিশেষে আজ গ্রামীণফোনের শেয়ারের দাম ২২ টাকার মতো বেড়েছে। এ ছাড়া বাড়তির দিকে ছিল মিউচুয়াল ফান্ডের শেয়ারগুলো। তবে গতকালের মতো আজও ব্যাংকের শেয়ারগুলোর দাম হ্রাস-বৃদ্ধিতে ছিল মিশ্রভাব।এদিকে বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ডগুলোর ওপর ঋণসুবিধা নেওয়ার যে বাধা-নিষেধ আছে, তা উঠিয়ে নেওয়ার জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কাছে আবেদন জানিয়েছে। সেই সঙ্গে অবিলম্বে মিউচুয়াল ফান্ডগুলো যাতে লভ্যাংশ ঘোষণা করতে পারে, সে বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখার সুপারিশ জানিয়েছেন তাঁরা। এ ছাড়া শেয়ারের সরবরাহ বৃদ্ধির জন্য শিগগিরই সরকারি শেয়ার বাজারে আসা উচিত বলে মনে করেন বিনিয়োগকারীরা।লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড ৩৭৪ টাকা ৩০ পয়সা, গ্রামীণফোন ৩৮৭ টাকা, লংকা-বাংলা ফিন্যান্স ৩৯৯ টাকা, নাভানা সিএনজি ২৬৭ টাকা এবং এবি ব্যাংক এক হাজার ২৪৮ টাকা।নতুন প্রতিষ্ঠানের শেয়ার বাজারে আসার প্রক্রিয়ায় কাল বাজারে আসছে ঢাকা ইন্সুরেন্স। ‘এন’ ক্যাটাগরির আওতায় এই প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন হবে বলে জানিয়েছে ডিএসই।এদিকে আজ ইস্টার্ন ব্যাংক লিমিটেড ২০ শতাংশ নগদ লভ্যাংশ এবং ১৭ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আর প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ৩০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। এ ছাড়া নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, স্পেন, ইতালি, মালয়েশিয়া এবং লিবিয়াতে পৃথক সাবসিডিয়ারি কোম্পানি গঠন করবে বলে জানিয়েছে।অন্যদিকে কনফিডেন্স সিমেন্ট কনফিডেন্স টেক্সটাইল এবং কনফিডেন্স ইলেকট্রিক্যাল লিমিটেড নামে দুটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে বলে জানিয়েছে। এর মধ্যে কনফিডেন্স টেক্সটাইলে বিনিয়োগের পরিমাণ ১৮৫ টাকা বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।এদিকে জুট স্পিনিং, ন্যাশনাল টি এবং সায়হাম টেক্সটাইলের আগামীকাল শেয়ার লেনদেন স্পট মার্কেটে হবে বলে জানিয়েছে ডিএসই। আর ২২ থেকে ২৪ ফেব্রুয়ারি শেয়ার ইলেকট্রনিক পদ্ধতিতে পরিবর্তন হওয়ার কারণে ওই সময় লেনদেন বন্ধ থাকবে বলে জানা গেছে।