ডিএসই: লেনদেন চাঙা থাকলেও সূচকের নিম্নগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত তিন দিন সাধারণ সূচকের ঊর্ধ্বগতি থাকলেও আজ ঢাকা শেয়ারবাজারের দিন শেষ হয়েছে সূচকের নিম্নগতি দিয়ে। তবে লেনদেন গত দিনের মতোই ছিল চাঙা। আজ দিন শেষে ডিএসইতে সাধারণ সূচক ২ পয়েন্টের মতো কমে মূল্যসূচক দাঁড়িয়েছে পাঁচ হাজার ৬০০ পয়েন্টে। এককভাবে গ্রামীণফোনের শেয়ারের দাম কমার কারণেই সূচক কমেছে বলে জানিয়েছেন বিনিয়োগকারীরা। আজ গ্রামীণফোনের শেয়ারের দাম গতকালের তুলনায় তিন থেকে নয় টাকার মতো কমেছে। এ ছাড়া আজ মোট লেনদেন হয়েছে এক হাজার ৪১১ কোটি টাকা। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১২০টির, কমেছে ১২২টির। লেনদেনে আজ ঢাকা শেয়ারবাজারের শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান হলো- বেক্সিমকো লিমিটেড, লঙ্কা-বাংলা ফিন্যান্স, গ্রামীণফোন, বেক্সিমকো টেক্সটাইল এবং ইউনাইটেড লিজিং করপোরেশন। এদিকে আজ খাতবিশেষে টেক্সটাইল, মিউচুয়াল ফান্ড ও বিমা খাতের শেয়ারের দাম কমেছে। তবে বেড়েছে ব্যাংকগুলোর শেয়ারের দাম। এ ছাড়া ইউনাইটেড লিজিং করপোরেশন আজ ১০০ শতাংশ স্টক লভ্যাংশ এবং ৭ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করায় কোনো প্রাইস লিমিট ছিল না। এদিকে কাল রেকর্ড ডেটের কারণে বিডি থাই প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।এ ছাড়া ফার্স্ব সিকিউরিটি ব্যাংক জানিয়েছে, তারা প্রতিষ্ঠানটির শেয়ার লট ৫০-এর বদলে ২৫০টি দিয়ে তৈরি করছে। অন্যদিকে অভিহিত মূল্য ১০০ টাকার বদলে ১০ টাকায় নিয়ে আসছে। তা ছাড়া ডিএসই কর্তৃপক্ষ আজ ব্রোকারেজ হাউসগুলোকে কোনো শেয়ার বিক্রি করে সেই টাকা দিয়ে গ্রামীণফোনের শেয়ার না কেনার জন্য বিনিয়োগকারীদের অনুত্সাহিত করার নির্দেশ দিয়েছে।