ডিএসই: লেনদেন মিশ্র, মিউচুয়াল ফান্ড ও ব্যাংকের শেয়ারের দাম কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা শেয়ারবাজারে লেনদেনে আজ ছিল মিশ্রভাব। মোট লেনদেন হওয়া ১৪৪টি প্রতিষ্ঠানের মধ্যে বেশির ভাগ প্রতিষ্ঠানেরই দাম কমেছে। তবে দাম বাড়ার তালিকাটাও কমার চেয়ে খুব একটা ছোট নয়। দাম কমেছে ১২৭টি এবং বেড়েছে ১১টি প্রতিষ্ঠানের। অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ঢাকা শেয়ারবাজারের সাধারণ মূল্য সূচক মোট ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৬০৩ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে এক হাজার ২৯৫ কোটি টাকা।আজও শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে ছিল গ্রামীণফোন। শেয়ারবাজারে মোবাইল পরিষেবা প্রদানকারী এ প্রতিষ্ঠানটি আজ মোট লেনদেন করেছে সর্বোচ্চ ১৭৮ কোটি টাকা। গ্রামীণফোনের পরেই লেনদেনের শীর্ষে থাকা অপর চারটি প্রতিষ্ঠান হলো বেক্সিমকো লিমিটেড, বেক্সটেক্স লিমিটেড, সিটি ব্যাংক লিমিটেড ও এবি ব্যাংক লিমিটেড। আজ থেকে সেকেন্ডারি মার্কেটে আরএন স্পিনিং মিলস লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হয়েছে। ১০০ টাকা অভিহিত মূল্যের এ শেয়ার আজ মঙ্গলবার সর্বোচ্চ ৫১৯ টাকায় বিক্রি হয়েছে। এ প্রতিষ্ঠানটিকে ‘এন’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করেছে এসইসি।এদিকে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) অনুমোদন সাপেক্ষে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রে পৃথক দুটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান গঠনের জন্য আবেদন করেছে বলে জানিয়েছে। এ সাবসিডিয়ারি প্রতিষ্ঠানটির পুরো মালিকানা স্ট্যান্ডার্ড ব্যাংকের হাতেই থাকবে বলে জানা গেছে।অন্যদিকে যমুনা ব্যাংক যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়াতে পৃথক দুটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান গঠনের জন্য এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেয়েছে বলে জানিয়েছে। দুই দেশেই এ প্রতিষ্ঠানটি ‘যমুনা এক্সচেঞ্জ কোম্পানি’ বলে পরিচিত হবে।এ ছাড়া আজ শেয়ারবাজারে মিউচুয়াল ফান্ড ও ব্যাংকিং খাতের প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম কমেছে।