ডিএসই: লেনদেনের অঙ্ক হাজার কোটি হলো না
বড় ধরনের না হলেও সাধারণ মূল্যসূচকের পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ারবাজারের (ডিএসই) লেনদেন। যদিও বাজার শুরু হয়েছিল সূচকের ঊর্ধ্বগতি দিয়ে।শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়ার এক ঘণ্টা পর থেকেই মূল্যসূচক কমতে থাকে। শেষ পর্যন্ত সূচক গতকালের তুলনায় কমেছে ৭ পয়েন্ট। সার্বিক সূচকের ক্ষেত্রে একই রকম নিম্নগতি থাকলেও বেড়েছে ব্লু-চিপস প্রতিষ্ঠানগুলোর জন্য নির্ধারিত ডিএসই-২০ সূচক।এদিকে শেয়ারবাজারে আজ কমেছে মোট লেনদেনের পরিমাণ। ডিএসইতে আজ মোট লেনদেন হয়েছে মাত্র ৮৮৪ কোটি টাকা। এর আগে ২ ফেব্রুয়ারি সর্বনিম্ন ৯৮৬ কোটি টাকার লেনদেন হয়েছিল।আজ লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ারের দাম কমেছে ১৪৫টি প্রতিষ্ঠানের, বেড়েছে ৮৬টি প্রতিষ্ঠানের। আজ স্পট মার্কেটে লেনদেন হওয়া গ্রামীণফোন ও ম্যারিকোর শেয়ারের দাম বেড়েছে। তবে খাতওয়ারি আজ ছিল শেয়ারবাজারের একটি মিশ্র দিন।শেয়ারবাজারে আজ গ্রামীণফোন সর্বোচ্চ ৩৮০ টাকায় বিক্রি হয়েছে। যদিও বাজার শেষ হয়েছে ৩৬৯ টাকায়। ম্যারিকোর লেনদেন হয়েছে ৪৪৭ টাকায়। লেনদেনের শীর্ষে ছিল বেক্সটেক্স, লংকা-বাংলা ফিন্যান্স, গ্রামীণফোন, বেক্সিমকো লিমিটেড ও সাউথইস্ট ব্যাংক লিমিটেড।