ডিএসই: শেষ দিনে মূল্যসূচকের ঊর্ধ্বগতি, লেনদেনও চাঙা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেনদেনের চাঙাভাব আর সাধারণ সূচকের অনেকটা ঊর্ধ্বগতি দিয়ে শেষ হয়েছে আজ সপ্তাহের শেষ দিনে ঢাকা শেয়ারবাজারের লেনদেন। আজ বেড়েছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে আজ মোট লেনদেন হয়েছে এক হাজার ৭২ কোটি টাকা। আর সাধারণ সূচক ১৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৮৩৮ পয়েন্টে। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২২৩টির, কমেছে মাত্র ১৩টির। লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল গ্রামীণফোন। আজ এ প্রতিষ্ঠানটির শেয়ারের দাম গতকালের তুলনায় প্রায় ১১ টাকা পর্যন্ত বেড়েছে। গড়ে লেনদেন হয়েছে ২১২ থেকে ২১৩ টাকার মধ্যে। এর পরই ছিল যমুনা অয়েল, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা ও লঙ্কা বাংলা ফিন্যান্স।এদিকে বাজারের আজকের সার্বিক পরিস্থিতি অনেকটাই ভালো ছিল বলে জানিয়েছেন বিনিয়োগকারীরা। তবে গতকাল গুজবের কারণে বাজার খারাপ হওয়ার কারণ হিসেবে ক্ষুদ্র বিনিয়োগকারীরা এক শ্রেণীর সুবিধাভোগী বিনিয়োগকারীদের দায়ী করেছেন।গতকালের পরিস্থিতি এবং বাজারের সার্বিক কিছু বিষয় নিয়ে দুপুরে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসিতে বৈঠক বসে ডিএসই ও এসইসি কর্তৃপক্ষের। মিটিং শেষে ডিএসইর সহসভাপতি শাকিল রিজভী জানিয়েছেন, গতকালের গুজবের কোনো রকম ভিত্তি নেই।এ ছাড়া গতকাল রাষ্ট্রায়ত্ত বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ার বাজারে ছাড়ার যে সিদ্ধান্তের কথা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাকে স্বাগত জানিয়েছেন বিনিয়োগকারীরা। তাঁদের মতে, এতে বাজারের গভীরতা আরও বাড়বে।