ডিএসই: শেয়ারবাজারে ব্যাপক দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিনের ব্যবধানে আবার রেকর্ড লেনদেন হয়েছে আজ বুধবার ঢাকা শেয়ারবাজারে। যদিও আজ বাজার শেষ হয়েছে ব্যাপক দরপতনের মধ্য দিয়ে। ডিএসইতে আজ সাধারণ মূল্যসূচক ৯১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৭০৪ পয়েন্টে। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে মাত্র ৩৯টি প্রতিষ্ঠানের, কমেছে ২০২টি প্রতিষ্ঠানের। ব্যাংকিং খাতের প্রতিষ্ঠানগুলো, বিমা, মিউচুয়াল ফান্ড, বিদ্যুত্ ও জ্বালানি খাত এবং গ্রামীণফোনের শেয়ারের ব্যাপক দরপতন হয়েছে।এদিকে বাজার শুরুর দিকে সাধারণ মূল্যসূচক একপর্যায়ে ৪৭০০ থেকে বেড়ে ৪৮০০ পয়েন্টে আসতে দেখা গেছে। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেশির ভাগ প্রতিষ্ঠানের দাম কমার কারণে সূচকেরও ব্যাপক পতন হয়।বিনিয়োগকারীরা বলেছেন, বেলা একটার দিকে এসইসি ঋণের পরিমাণ কমিয়ে দিচ্ছে—এমন একটি সংবাদের পর বাজারে প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দরপতন শুরু হয়। তবে পরে এই সংবাদের সত্যতা মেলেনি।ডিএসইর সহসভাপতি শাকিল রিজভী বলেছেন, তাঁরা এই গুজবের ব্যাপারে তদন্ত করে দেখছেন।আজ শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো বেক্সিমকো লিমিটেড, যমুনা অয়েল লিমিটেড, গ্রামীণফোন, লঙ্কা-বাংলা ফিন্যান্স, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনস লিমিটেড।ডিএসইতে আজ মোট লেনদেন হয়েছে এক হাজার ৪৩৮ কোটি টাকা।