ডিএসই: শেয়ারবাজারে সাধারণ সূচকের উত্থান-পতন
ঢাকা শেয়ারবাজারে সাধারণ মূল্যসূচকে বেশ ওঠানামা লক্ষ্য করা গেছে। দুপুর ১২টার দিকে সাধারণ মূল্যসূচক ৪৮ পয়েন্ট বাড়লেও পরক্ষণেই তা ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৭৩৪ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ২২৭টি প্রতিষ্ঠানের মধ্যে বেশির ভাগ শেয়ারেরই দাম কমেছে। মোট দাম বেড়েছে ৮৬টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত ঢাকা শেয়ারবাজারে মোট ৭৪৭ কোটি টাকার লেনদেন হয়েছে। সোমবার শেয়ারবাজারে শীর্ষ দশে থাকা প্রতিষ্ঠানের সর্বশেষ বিক্রীত মূল্য হলো—বেক্সিমকো লিমিটেড ৩৬৯.৫, গ্রামীণফোন ৩৪৭.৫, বেক্সটেক্স ৯৪.৭, এবি ব্যাংক লিমিটেড ১৩৩৯, ন্যাশনাল ব্যাংক লিমিটেড ৮৪২, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ৪৬৫, কেয়া কসমেটিক্স লিমিটেড ১০৬, নাভানা সিএনজি লিমিটেড ২৫৫, প্রাইম ব্যাংক লিমিটেড ৭৬১ ও সামিট পাওয়ার ১৩৩৪ টাকা। এদিকে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড আজ সোমবার ৩৩ দশমিক তিন শতাংশ স্টক ডিভিডেন্ট ঘোষণা করেছে। তারা ২০০৯ সালের জন্য প্রতি ৩টি সাধারণ শেয়ারে ১টি বোনাস শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছে।বিচ হ্যাচারি ২০০৯ সালের জন্য ১২ শতাংশ স্টক ডিভিডেন্ট দেওয়ার ঘোষণা দিয়েছে। আগামী ৩০ মার্চ প্রতিষ্ঠানটির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হবে।ইস্টার্ন ব্যাংক লিমিটেড জানিয়েছে, অনিবার্য কারণবশত তাদের পরিচালনা পর্ষদের সভা আজকের পরিবর্তে আগামীকাল মঙ্গলবার ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ন্যাশনাল ব্যাংক লিমিটেড ২০০৯ সালের জন্য ৫৫ শতাংশ স্টক ডিভিডেন্ট ঘোষণা করেছে। আগামী ২৫ মার্চ এই প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ২০০৯ সালের জন্য ২২ শতাংশ স্টক ডিভিডেন্ট ঘোষণা করেছে। তারা জানিয়েছে, আগামী ২৯ মার্চ তাদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া আজ সোমবার শেয়ারবাজারে ব্যাংকিং খাতের শেয়ারের দাম কমেছে। তবে গ্রামীণফোন এককভাবে আধা বেলায় ৪৯ কোটি টাকার শেয়ার লেনদেন করেছে।