ডিএসই: সপ্তাহের প্রথম দিনে সবচেয়ে কম লেনদেন
শেয়ারবাজারে আজ সাধারণ সূচকের ঊর্ধ্বগতি থাকলেও লেনদেনের ধীরগতি দিয়ে শেষ হয়েছে প্রথম কার্যদিবস। আজ রোববার লেনদেন হয়েছে মাত্র ৯৮৬ কোটি টাকার। ২০১০ সালের ২৬ কার্যদিবসের মধ্যে এটিই ছিল সর্বনিম্ন লেনদেন। গত সপ্তাহের মঙ্গলবারে লেনদেন হয়েছিল মোট এক হাজার ৬৯০ কোটি টাকা। আজ নতুন প্রতিষ্ঠান আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের প্রাথমিক শেয়ারের আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে এবং নিয়ন্ত্রক সংস্থা-এসইসি নির্দেশিত মার্চেন্ট ব্যাংকগুলোকে ঋণসুবিধাও কমানো আজ থেকে কার্যকর হয়েছে। এ দুই কারণেই লেনদেন কম হয়েছে বলে মনে করছেন ডিএসই সহসভাপতি শাকিল রিজভী। তবে তাঁর মন্তব্য হচ্ছে, সার্বিক বিচারে বাজারের পরিস্থিতি ভালো। আজ দিনশেষে ডিএসইতে সাধারণ সূচক বেড়েছে ৫৬ পয়েন্ট। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৫টির আর কমেছে ৯৬টির। দাম বাড়ার তালিকায় বেশির ভাগই ছিল ব্যাংক-বিদ্যুত্-জ্বালানি প্রতিষ্ঠান এবং গ্রামীণফোনের শেয়ার। আজ প্রায় সব ব্যাংকের দামই গত বৃহস্পতিবারের তুলনায় ৩ থেকে ১০ টাকার মতো বাড়তে দেখা গেছে। গ্রামীণফোনের শেয়ারের দাম খুব একটা না বাড়লেও লেনদেন হয়েছে ২৯০ থেকে ২৯৬ টাকার মধ্যে। লেনদেনের ভিত্তিতেও আজ শীর্ষে ছিল এই প্রতিষ্ঠানটি। এর পরই ছিল সাউথইস্ট ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক। আজ থেকে প্রাথমিক শেয়ারের আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে ১০ টাকা অভিহিত মূল্যের আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের। ৫০০টি শেয়ার নিয়ে একটি লটে বিনিয়োগে খরচ পড়বে পাঁচ হাজার টাকা। বাংলাদেশিদের জন্য আইপিও গ্রহণ চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। আর প্রবাসী বাংলাদেশিদের জন্য চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। এ ছাড়া আগামীকাল রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে পিপলস ইনস্যুরেন্সের শেয়ারের লেনদেন। আর বিডি থাই প্রতিষ্ঠানটি কাল থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত স্পট মার্কেটে শেয়ার লেনদেন হবে বলে জানা গেছে। ১১ ফেব্রুয়ারি রেকর্ড ডেট এবং ইজিএমের কারণে বন্ধ থাকবে সেটির লেনদেন।