ডিএসই: সপ্তাহের শেষ দিনে শেয়ারবাজার চাঙা
গ্রামীণফোনের শেয়ারের দাম কমলেও সাধারণ সূচকের ঊর্ধ্বগতি দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ারবাজারের সপ্তাহের শেষ দিনের লেনদেন। লেনদেনেও ছিল চাঙাভাব। আজ ডিএসইতে সূচক বেড়েছে ৩৪ পয়েন্ট। লেনদেন হয়েছে এক হাজার ৪০৮ কোটি টাকা।এ ছাড়া লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেষ পর্যন্ত দাম বেড়েছে ১০২টির কমেছে ১৩৫টির। খাত বিশেষে আজ দাম বেড়েছে ব্যাংকিং খাতের শেয়ারের। তবে কমেছে গ্রামীণফোন, মিউচুয়াল ফান্ড, বিমা, টেক্সটাইল, লিজিং খাতের শেয়ারের দাম।এদিকে একই দিনে কোনো খাতের শেয়ার বিক্রি করে সেই টাকা দিয়ে গ্রামীণফোনের শেয়ার কেনা যাবে না—সাম্প্রতিক সময়ে এসইসির এ রকম নির্দেশনার কারণেই বিনিযোগকারীরা কিছুটা ধীরে চলো নীতি অনুসরণ করছেন। তাই আজ গ্রামীণফোনের শেয়ারের দাম যেমন কমেছে, তেমনি গত দিনের তুলনায় লেনদেনও কম হয়েছে বলে জানিয়েছেন বিনিয়োগকারীরা।এ ছাড়া আজ লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড, গ্রামীণফোন, এবি ব্যাংক, লংকা বাংলা ফিন্যান্স ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড।ম্যাকসন স্পিনিং জানিয়েছে, ২০ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির পাঁচ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে স্পেকট্রা কনভেনশন সেন্টারে। এ ছাড়া এস আলম কোল্ড রোলড স্টিল লিমিটেডের আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি স্পট মার্কেটে শেয়ার লেনদেন হবে বলে জানা গেছে।ঢাকা ব্যাংক ২০০৯ সালের জন্য ২৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থ্যাত্ প্রতি চার শেয়ারে একটি বোনাস শেয়ার। প্রতিষ্ঠানটি রেকর্ড ডেট নির্ধারণ করেছে আগামী ৩ মার্চ এবং বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে আগামী ২৮ মার্চ বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে। আজ প্রতিষ্ঠানটির করপোরেট ডিক্লারেশনের কারণে আগামী রোববার প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেনে কোনো রকম প্রাইস লিমিট থাকবে না। এ ছাড়া নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে ঢাকা ব্যাংক ইউএই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইতালিতে সাবসিডিয়ারি প্রতিষ্ঠান গঠনের কথা জানিয়েছে।এদিকে চিটাগং ভেজিটেবলের দাম কয়েক দিন ধরে অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়ার কারণ জানতে চেয়ে নোটিশ দিয়েছিল ডিএসই। আজ প্রতিষ্ঠানটি জানিয়েছে, অব্যাহত দাম বৃদ্ধির সুনির্দিষ্ট কোনো কারণ তারা জানে না।