ডিএসই: সাধারণ মূল্যসূচক কিছুটা ঊর্ধ্বমুখী, লেনদেন আজও কম
সূচকের নিম্নগতি দিয়ে বাজার শুরু হলেও শেষ পর্যন্ত সাধারণ সূচকের ঊর্ধ্বগতি দিয়ে শেষ হয়েছে আজ মঙ্গলবার ঢাকা শেয়ারবাজারের (ডিএসই) লেনদেন। গ্রামীণফোনসহ ব্যাংকগুলোর শেয়ারের দামও শেষদিকে এসে কিছুটা বেড়েছে। লেনদেন গতকালের তুলনায় বেশি হলেও গত কয়েক দিনে লেনদেনে যে মন্থরগতি ছিল, তা আজও অব্যাহত রয়েছে। শেয়ারবাজারের সাধারণ মূল্যসূচক আজ মঙ্গলবার ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৫৮৮ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ৮৫৩ কোটি টাকা। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ১২৮টির। খাত বিশেষে আজ শেষ পর্যন্ত বিমা খাতের প্রতিষ্ঠানের দাম কমতে দেখা গেছে। মিশ্রভাব ছিল মিউচুয়াল ফান্ডগুলোর শেয়ারে। অন্যদিকে কিছুটা দাম বেড়েছে ব্যাংকসহ গ্রামীণফোনের। গতকাল গ্রামীণফোন ৩৬১ টাকায় লেনদেন শেষ হলেও আজ শেষ পর্যন্ত লেনদেন হয়েছে ৩৬৩ টাকা ৮০ পয়সায়। মোট লেনদেনও গত কয়েক দিনের তুলনায় কম হয়েছে। আজ প্রতিষ্ঠানটির মোট ২৬ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে। তবে লেনদেনের ভিত্তিতে আজ শীর্ষস্থানে ছিল লংকা-বাংলা ফিন্যান্স, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো টেক্সটাইল, এবি ব্যাংক ও গ্রামীণফোন। এদিকে রেকর্ড ডেটের কারণে কাল বন্ধ থাকবে ঢাকা ব্যাংক ও লিজিং করপোরেশনের শেয়ার লেনদেন।এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের সহসভাপতি শাকিল রিজভী জানান, বেশি দামে যাঁরা শেয়ার কিনেছেন, তাঁরাই এখন সমস্যায় পড়েছেন। তবে বাজারে শেয়ারের এই দাম কমে যাওয়া সাময়িক বলে মনে করেন তিনি। মূল্য সংশোধনসহ শেয়ার বিক্রি করে লাভ তুলে নেওয়ার বিষয়গুলো শেষ হয়ে গেলেই বাজার আবার ঘুরে দাঁড়াবে বলে তাঁর মত। গত কয়েক দিন লেনদেন কম হওয়া প্রসঙ্গে তিনি জানান, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যেভাবে বাজারে বিনিয়োগ করে থাকেন, সেভাবে কয়েক দিন ধরে করছেন না। এর কারণ হিসেবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে ওশান কনটেইনারের লেনদেন শুরু হওয়া এবং ডিএসই বুক বিল্ডিং পদ্ধতির মাধ্যমে পাইপলাইনে থাকা আর কে সিরামিকসের দাম নির্ধারণের প্রক্রিয়া চলা। কাল আর কে সিরামিকসের দাম নির্ধারণের প্রক্রিয়া শেষ হয়ে গেলে বাজারে লেনদেন কিছুটা চাঙা হতে পারে বলে জানান শাকিল রিজভী। তবে আবারও তিনি শেয়ারের মৌল ভিত্তি দেখে বিনিয়োগের পরামর্শ দিলেন। অতীতে যাঁরা ভালো শেয়ারে বিনিয়োগ করেছেন, তাঁরা এখনো লাভ করে বের হয়ে আসতে পারবেন বলে মনে করেন তিনি।