ডিএসই: সূচকের ওঠানামা থাকলেও লেনদেন চাঙা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকালের লেনদেনের রেকর্ড না ভাঙলেও আজও হাজার কোটি টাকার কিছু বেশি লেনদেন হয়েছে ঢাকা শেয়ারবাজারে। সূচকেও শেষ পর্যন্ত ছিল ঊর্ধ্বগতি। দিন শেষে আজ ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ৭১ কোটি টাকা এবং সাধারণ সূচক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৭৪৮ পয়েন্টে। যদিও লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে কমেছে বেশির ভাগেরই দাম। আজ ২৪২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১১টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত ছিল চারটি প্রতিষ্ঠানের দাম। এদিকে গত কয়েক দিন ব্যাংকিং খাতের প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমলেও আজ কিছুটা বাড়তির দিকে ছিল। গ্রামীণফোনের শেয়ারের দামও গতকালের তুলনায় বেড়েছে প্রায় সাত টাকা পর্যন্ত। তবে মিশ্রভাব ছিল বিদ্যুত্-জ্বালানি খাতের প্রতিষ্ঠানগুলোর দামে। এদিকে বাজারের সার্বিক পরিস্থিতি সন্তোষজনক বলে মন্তব্য করেছেন বিনিয়োগকারীরা। আর ডিএসইর সাবেক সহসভাপতি আহমেদ রশিদ লালীর মতে, সামগ্রিক অর্থে পুঁজিবাজারের পরিস্থিতি ভালো, তবে এ মুহূর্তে শেয়ারের সরবরাহ বাড়ানো উচিত। এ ক্ষেত্রে সরকারের হাতে থাকা যেসব প্রতিষ্ঠান রয়েছে, তা বাজারের আনার জন্যও উদ্যোগ নেওয়া যেতে পারে বলে জানিয়েছেন তিনি। ডিএসইতে আজ লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড। এ প্রতিষ্ঠানটির আজ ৬৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরই ছিল গ্রামীণফোন, ব্র্যাক ব্যাংক, পাওয়ার গ্রিড এবং তিতাস গ্যাস।