ডিএসই: সূচকের সামান্য ঊর্ধ্বগতি, লেনদেনে মন্থরভাব অব্যাহত
সাধারণ সূচকের নিম্নগতি দিয়ে বাজার শুরু হলেও শেষ পর্যন্ত সূচকের নামমাত্র ঊর্ধ্বগতি দিয়ে শেষ হয়েছে আজ সোমবারের ঢাকা শেয়ারবাজার (ডিএসই)। তবে গতকালের মতো আজও লেনদেনে ছিল মন্থরতা। সারা দিন সাধারণ সূচকের নিম্নগতি থাকলেও একেবারে শেষের দিকে এসে গ্রামীণফোনের শেয়ারের দাম কিছুটা বৃদ্ধির কারণে বৃদ্ধি পেয়েছে সাধারণ সূচক। শেষ পর্যন্ত সাধারণ সূচক মাত্র ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৫৬৭ পয়েন্টে। সর্বমোট লেনদেন হয়েছে ৭৮৬ কোটি টাকার। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেড়েছে ৯২টির, কমেছে ১৩৭টি প্রতিষ্ঠানের দাম। এ ছাড়া অপরিবর্তিত রয়েছে একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। খাতওয়ারি আজ প্রায় সব ব্যাংকের শেয়ারের দামই কমেছে। বাড়তির দিকে ছিল গ্রামীণফোন, বিমা প্রতিষ্ঠান ও জ্বালানি খাতের শেয়ারগুলোর দাম।এদিকে আজ থেকে শুরু হয়েছে বুক বিল্ডিং পদ্ধতির মাধ্যমে বাজারে আসার প্রক্রিয়ায় থাকা আরএকে সিরামিকসের দাম নির্ধারণের প্রক্রিয়া। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারের কী দাম হবে, তা জানতে পারবেন। এই দাম নির্ধারণের প্রক্রিয়া চলবে ৩ মার্চ পর্যন্ত।অন্যদিকে কাল থেকে স্পট মার্কেটে লেনদেন শুরু হচ্ছে ডাচ্-বাংলা ব্যাংক, ইউনাইটেড ইনস্যুরেন্স ও মার্কেন্টাইল ব্যাংকের লেনদেন। একই সঙ্গে ৭ মার্চ রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে এসব প্রতিষ্ঠানের লেনদেন।আজ সোমবার শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের সর্বশেষ বিক্রিত মূল্য ছিল এ রকম—বেক্সিমকো লিমিটেড ৩৮২ টাকা ৪ পয়সা, লংকা-বাংলা ফিন্যান্স ৪৪৪ টাকা, বেক্সটেক্স ১০০ টাকা, গ্রামীণফোন লিমিটেড ৩৬৪ টাকা, এবি ব্যাংক লিমিটেড এক হাজার ১৫০ টাকা, নাভানা সিএনজি লিমিটেড ২৫৩ টাকা, প্রাইম ফিন্যান্স দুই হাজার ৫২৮ টাকা, সাউথইস্ট ব্যাংক লিমিটেড ৪৪৮ টাকা, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড (এনসিসি) ৫৭৯ টাকা ও কেয়া কসমেটিকস লিমিটেড ১০৯ টাকা।