ডিএসইতে করপোরেট গভর্নেন্স বিভাগের যাত্রা শুরু
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পৃথক করপোরেট গভর্নেন্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কমপ্লায়েন্স বিভাগ চালু হয়েছে।আজ রোববার দুপুরে মতিঝিলের ডিএসই ভবনসংলগ্ন সোয়ানটেক্স ভবনে বিভাগটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান খায়রুল হোসেন।এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসইসির সদস্য হেলাল উদ্দিন নিজামী, আমজাদ হোসেন, আরিফ খান, আবদুস সালাম শিকদার, ডিএসই সভাপতি শাকিল রিজভীসহ সংস্থাটির বোর্ড সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।এ সময় এসইসির চেয়ারম্যান বলেন, করপোরেট গভর্নেন্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কমপ্লায়েন্স বিভাগের ফলে সেলফ রেগুলেটর হিসেবে ডিএসইর সক্ষমতা অনেকাংশে বেড়ে যাবে। বিভিন্ন কোম্পানির আর্থিক প্রতিবেদন সম্পর্কে জানা যাবে। এ ক্ষেত্রে নিয়ম মানা হয়েছে কি না, প্রতিবেদন যথাযথ হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যাবে এবং কোম্পানির স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সাহায্য করবে। তিনি আরও বলেন, এটা দেখে তালিকাভুক্ত নয় এমন কোম্পানিও পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে আগ্রহী হবে। এ ছাড়া সুশাসনও প্রতিষ্ঠিত হবে।খায়রুল হোসেন আরও বলেন, নতুন এই বিভাগের প্রতিবেদনের মাধ্যমে কোনো কোম্পানি আইন ভঙ্গ করছে কি না, তা নিশ্চিত হয়ে এসইসি যথাযথভাবে পদক্ষেপ নিতে পারবে। এর আগে এসইসি স্বল্প জনবল নিয়ে এসব কার্যক্রম পরিচালনা করত।এসইসির চেয়ারম্যান আরও বলেন, বিনিয়োগকারীরা বিভিন্ন কোম্পানির আর্থিক বিবরণী দেখে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়ে থাকেন। বিভাগটি চালুর ফলে আর্থিক প্রতিবেদনের ওপর বিশ্বাসযোগ্যতা অনেকগুণ বেড়ে যাবে। এর ফলে বাজার স্থিতিশীল, স্বচ্ছ ও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে বিভাগটি দীর্ঘমেয়াদি পুঁজির উৎস হিসেবে ব্যবহার করতে এবং সেবা ও অবকাঠামো খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাখবে।করপোরেট গভর্নেন্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কমপ্লায়েন্স বিভাগে বর্তমানে সাতজন জনবল রয়েছে। এর মধ্যে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রয়েছেন। ভবিষ্যতে এই বিভাগের জনবল আরও বাড়ানো হবে বলে ডিএসই সূত্রে জানা গেছে।