ডিএসইতে প্রায় সব কটি শেয়ারের দাম কমেছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিনে সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন শুরু হলেও নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে দিনের লেনদেন শেষ হয়েছে। দিন শেষে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। পাশাপাশি কমেছে সূচকও।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বিকাল তিনটার দিকে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৪১ পয়েন্ট কমে ৪,৫৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে।সকালে ডিএসইতে লেনদেনের শুরুতে সূচকের ঊত্থান-পতন ছিল লক্ষণীয়। নয় মিনিটে সূচক বেড়ে যায় ৪৩ পয়েন্ট। আধা ঘণ্টা শেষে সূচক বেড়েছিল ১৭ পয়েন্ট। পরে সূচক নিম্নমুখী প্রবণতা দেখাতে শুরু করে। দুপুর একটার দিকে সূচক কমে ৭২ পয়েন্ট।ডিএসইতে আজ মোট ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে মাত্র ১৬টির, কমেছে ২৩৯টির আর অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ ডিএসইতে ৪০৮ কোটি টাকার লেনদেন হয়েছে।দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: আরএন স্পিনিং মিলস, বেক্সিমকো, ইউনাইটেড এয়ারওয়েজ, সাউথইস্ট ব্যাংক লি., পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস, সামিট পাওয়ার, বিডি. থাই অ্যালুমিনিয়াম, গ্রামীণফোন, যমুনা অয়েল এবং এনসিসি ব্যাংক।