ডিএসইতে লেনদেনে আবারও সর্বনিম্ন রেকর্ড
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার লেনদেনে আবারও সর্বনিম্ন রেকর্ড হয়েছে। গত সাড়ে তিন বছরের মধ্যে আজ সর্বনিম্ন লেনদেন হয়েছে স্টক এক্সচেঞ্জটিতে। একই সঙ্গে দরপতনের ঘটনা ঘটেছে দুই বাজারেই।ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসইতে ১১৫ কোটি টাকার লেনদেন হয়েছে। এর আগে ২০০৮ সালের ১৭ ডিসেম্বর স্টক এক্সচেঞ্জটিতে ১০৯ কোটি টাকার লেনদেন হয়েছিল।এ ছাড়া গত ২১ জুন ১১৮ কোটি টাকার শেয়ারের লেনদেন হয় ডিএসইতে। এর আগে ২০১১ সালের ২০ জানুয়ারি মাত্র ৬৮ কোটি টাকার লেনদেন হয়েছিল। তবে সেদিনের লেনদেন ছিল অনেকটা অস্বাভাবিক। কারণ ওই দিন মাত্র পাঁচ মিনিট লেনদেন হয়েছিল। এরই মধ্যে ডিএসইর সাধারণ সূচক ৫৮৭ পয়েন্ট কমেছিল। আর তাই তাত্ক্ষণিকভাবে কর্তৃপক্ষ লেনদেন বন্ধ করে দিয়েছিল। ফলে সার্বিক বিচারে গত সাড়ে তিন বছরের মধ্যে আজকের লেনদেনের পরিমাণ সর্বনিম্ন।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসই সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ১৮ পয়েন্ট কমে ৪২৭২ পয়েন্টে পৌঁছায়।সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়েছিল। বেলা ১১টা ১০ মিনিটে সূচক গত বৃহস্পতিবারের চেয়ে প্রায় ৫০ পয়েন্ট বাড়ে। এরপর থেকে সূচকের তির নিম্নমুখী হতে থাকে, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ লেনদেন শেষে ডিএসইতে লেনদেন হওয়া ২৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বাড়ে ৮১টির, কমে ১৫২টির আর অপরিবর্তিত ছিল ৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।দিনশেষে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড, গ্রামীণ ফোন, মেঘনা পেট্রোলিয়াম, এনবিএল, সোস্যাল ইসলামী ব্যাংক, কেয়া কসমেটিকস, লাফার্জ সুরমা সিমেন্ট ও লংকাবাংলা ফিন্যান্স।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১১২ পয়েন্ট কমে ১২৯৩৫ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে আজ ১৭৮টি প্রতিষ্ঠানের লেনদেন হয়। এর মধ্যে বাড়ে ৩৩টির, কমে ১২৪টির আর অপরিবর্তিত ছিল ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মাত্র ১৭ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে।