ডিএসইতে সপ্তাহের শুরুতে বেড়েছে সূচক-লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম দিনটি ভালোই কেটেছে। আজ রোববার ডিএসইতে প্রথম আধা ঘণ্টায় সূচক কিছুটা কমলেও এরপর ধীরে ধীরে সূচক বাড়তে থাকে। দিনের লেনদেন শেষে সূচকের সঙ্গে বেড়েছে শতাধিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম। গত বৃহস্পতিবারের চেয়ে লেনদেনও কিছুটা বেড়েছে।আজ ডিএসইতে সাধারণ মূল্যসূচক ১৫.৯১ পয়েন্ট বেড়ে ৬,৫৫৬.৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ লেনদেন হওয়া ২৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৪৭টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের। মোট লেনদেন হয়েছে ১২৮৯ কোটি টাকার, যা গত বৃহস্পতিবারের চেয়ে ৮১ কোটি টাকা বেশি।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো তিতাস গ্যাস, বেক্সিমকো, আফতাব অটো, বেক্সটেক্স, ডেসকো, বিএসআরএম স্টিল, বে লিজিং, স্কয়ার ফার্মা, কনফিডেন্স সিমেন্ট ও ফু ওয়াং সিরামিকস।আজ ডিএসইতে লেনদেনের পাঁচ মিনিটের দিকে সূচক ২৭ পয়েন্ট কমে যায়। এরপর আবার সূচক ধীরে ধীরে বাড়তে থাকে। তবে লেনদেনে প্রথম আধা ঘণ্টায় সূচক বাড়েনি। এরপর আবার ধীরে ধীরে সূচক বাড়তে থাকে। সূচক বাড়ার এ ধারা দিনভর অব্যাহত ছিল।