এক দিন মূল্য সংশোধনের পর আজ দেশের পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেছে। দুই স্টক এক্সচেঞ্জেই আজ লেনদেন ও সূচক বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক হাজার ৩৮৭ কোটি টাকা লেনদেন হয়েছে আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে হয়েছে ১৪৮ কোটি টাকার শেয়ারের লেনদেন।ডিএসই সূত্রে জানা যায়, আজ ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। বেলা ১১টা ৩৫ মিনিটে ডিএসইর সাধারণ মূল্যসূচক আগের দিনের ৫৪ পয়েন্ট, বেলা দুইটায় ৮৬ পয়েন্ট বাড়ে। আর বিকেল তিনটায় লেনদেন শেষে ১০০.৯৯ পয়েন্ট বেড়ে ৬৫৮৭.৫৮ পয়েন্টে দাঁড়ায়। গত রোববার ডিএসইর সাধারণ মূল্যসূচক ৯১ পয়েন্ট কমে যায়।আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৬১টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ২২৯টির, কমেছে ২৮টির এবং অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ আগের দিনের চেয়ে ২৩০ কোটি টাকা বেশি লেনদেন হয়েছে।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে গ্রামীণফোন, বেক্সিমকো, এমজেএল বাংলাদেশ লিমিটেড, সোস্যাল ইসলামী ব্যাংক, ইউনাইটেড এয়ার, এমআই সিমেন্ট, ওয়ান ব্যাংক, গোল্ডেন সন, তিতাস গ্যাস ও ইউসিবিএল।ডিএসইতে আজ সবচেয়ে বেশি বেড়েছে গ্রামীণফোনের শেয়ারের দাম। এ ছাড়া বিডি ফাইন্যান্স, আরামিট লিমিটেড, ফাইন ফুডস, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, বিআইএফসি, সালভো কেমিক্যাল, ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্স, বরকতউল্লাহ ইলেকট্রো ডায়নামিকস লিমিটেড ও ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট দাম বৃদ্ধিতে শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে।আজ সবচেয়ে বেশি কমেছে নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শেয়ারের দাম। এ ছাড়া কোহিনুর কেমিক্যালস, এসিআই, আইসিবি এএমসিএল প্রথম মিউচুয়াল ফান্ড, দ্বিতীয় আইসিবি মিউচুয়াল ফান্ড, রূপালী ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড ১, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড ও ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড দাম কমে যাওয়া শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৪১৫.৭৮ পয়েন্ট কমে ১৮৭২১.৯৯ পয়েন্টে দাঁড়ায়। দিন শেষে সিএসইতে হাতবদল হওয়া ১৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৬৪টির, কমেছে ২৯টির আর অপরিবর্তিত ছিল পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ১৪৮ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১১ কোটি টাকা কম।