ডিএসইতে ১৫৩ কোম্পানির শেয়ারের বিক্রেতা নেই
দেশের শেয়ারবাজারে আজ বুধবার ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। বেলা দুইটার দিকে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩০০ পয়েন্টের বেশি বেড়ে যায়। এর ফলে তালিকাভুক্ত ১৫৩টি কোম্পানির শেয়ারের বিক্রেতাশূন্য হয়ে পড়েছে।ডিএসই সূত্রে জানা যায়, স্টক এক্সচেঞ্জটিতে তালিকাভুক্ত ৫০০ সিকিউরিটিজ রয়েছে। এর মধ্যে লেনদেনযোগ্য সিকিউরিটিজ রয়েছে ২৭১টি। বেলা দুইটা পর্যন্ত মোট ২৫২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। আর এ সময়ে কোম্পানিগুলোর শেয়ারের দাম সার্কিট ব্রেকার স্পর্শ করায় প্রতিষ্ঠানগুলো বিক্রেতাশূন্য হয়ে পড়ে।পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে শেয়ারবাজারে টানা তিন দিনের বড় দরপতনের ঘটনা ঘটে। এ জন্য প্রধানমন্ত্রী আজ শেয়ারবাজার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এ সংবাদের পরিপ্রেক্ষিতে আজ সকাল থেকেই বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে।