ডিএসইতে ২৬০টির মধ্যে কমেছে ২২১টি প্রতিষ্ঠানের শেয়ারদর
ব্যাপক দরপতনের মধ্য দিয়ে আজ রোববার শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক আগের কর্মদিবসের চেয়ে ১৩৭ পয়েন্ট কমে ছয় হাজার ৪৫০ পয়েন্টে নেমে এসেছে।দিনশেষে ডিএসইতে লেনদেন হওয়া ২৬০টি প্রতিষ্ঠানের মধ্যে আগের চেয়ে দর কমেছে ২২১টির, বেড়েছে মাত্র ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ার।বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বিষয়টি স্বাভাবিক মূল্যসংশোধন হিসেবে দেখছেন। কেননা এর আগে প্রায় টানা দুই সপ্তাহ দাম বেড়েছিল। গত সপ্তাহে রাষ্ট্রায়ত্ত কোম্পানি পদ্মা অয়েল ও মেঘনা পেট্রোলিয়াম বাজারে শেয়ার ছাড়ার ঘোষণার পর বাজারে মন্দাভাব শুরু হয়। অনেক বিনিয়োগকারী নিজেদের হাতে থাকা শেয়ার বিক্রি করে সরকারি কোম্পানির শেয়ারের দিকে ঝোঁকায় বাজারে এর প্রভাব পড়ে। মূলত সেখান থেকেই মন্দাভাবের সূচনা। তবে দরপতনের মধ্যেও ডিএসইতে এক হাজার ৩০০ কোটি টাকার বেশি লেনদেন হওয়ায় বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।নতুন সপ্তাহের প্রথম কর্মদিবসে আজ লেনদেনের শুরু থেকেই ডিএসইতে নিম্নমুখী প্রবণতা লক্ষ করা যায়। প্রথম ১০ মিনিটের মাথায় সূচক ৩০ পয়েন্ট পড়ে যায়। তবে আধা ঘণ্টা পর সূচক কিছুটা ঘুরে দাঁড়ালেও আবার নিচের দিকেই নামতে থাকে। এরপর চলে ওঠানামা।লেনদেনের প্রথম ঘণ্টা শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক আগের দিনের তুলনায় ৫১ দশমিক ০১ পয়েন্ট, দ্বিতীয় ঘণ্টায় ৪২ পয়েন্ট আর তৃতীয় ঘণ্টায় ২৭ পয়েন্ট কমে ৬৫৫৯ পয়েন্টে নেমে যায়। আজ মোট এক হাজার ৩৪১ কোটি ২৬ লাখ টাকার লেনদেন হয়। এর আগে গত বৃহস্পতিবার লেনদেন হয় এক হাজার ৮০৪ কোটি ৭৪ লাখ টাকারডিএসইতে আজ লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে: গ্রামীণফোন, আরএন স্পিনিং, আফতাব অটো, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড, এমআই সিমেন্ট, মালেক স্পিনিং, সামিট পাওয়ার, ইউনাইটেড এয়ারওয়েজ, এনবিএল ও বেক্সিমকো ফার্মা।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৪৯৪ দশমিক ৩১ পয়েন্ট বা ২ দশমিক ৬২ শতাংশ কমে ১৮৩৭৫ দশমিক ৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২০০টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৩১টির, কমেছে ১৬৫টির আর অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ১৪৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ৩২ কোটি টাকা কম। সিএসইতেও আজ সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়, যা সারা দিনই অব্যাহত থাকে।