ডিএসইর নির্বাচনে বাদপড়া দুই প্রার্থীকে অংশগ্রহণের সুযোগ দিতে হাইকোর্টের রুল
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নির্বাচনে বাদপড়া দুই প্রার্থীকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার আদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে যে আদেশের বলে তাঁদের বাদ দেওয়া হয়েছিল, তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।বাদপড়া দুই প্রার্থী ডিএসইর সাবেক সভাপতি আহমেদ ইকবাল হাসান ও সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আহমদ রশিদের রিটের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার হাইকোর্ট এ রুল দেন। হাইকোর্টের আদেশ পেয়েই প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে ডিএসইতে রওনা হয়েছেন। তবে অন্য প্রার্থী আনোয়ার সিকিউরিটিজের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন আদালতে না যাওয়ায় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন না।পূর্ব ঘোষণা অনুযায়ী ৩ মার্চ ডিএসইর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ হিসেবে গত ১৫ ফেব্রুয়ারি ছিল মনোনয়নপত্র জমা দেওয়া শেষ দিন। কিন্তু এর ঠিক আগের দিন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) জারি করা একটি আদেশে বলা হয়, নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ন্যূনতম পাঁচ দিন আগে এসইসির কাছ থেকে অনাপত্তি নিতে হবে। এ আদেশের পর পরই ডিএসইর নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নেই এবং নতুন তফশিল ঘোষণা করে। নতুন তফশিল অনুযায়ী ২১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।এ নির্বাচনে অংশ নিতে মোট ১৩ জন সম্ভাব্য প্রার্থী এসইসির অনাপত্তি চায়। এসইসি ১০ জনকে ছাড়পত্র দিলেও তিনজনকে অযোগ্য ঘোষণা করে। কিন্তু কেন তাঁদের বাদ দেওয়া হলো, সে ব্যাপারে এসইসি কোনো ব্যাখ্যা দেয়নি। জানা গেছে, ডিএসইর বর্তমান সভাপতি রকিবুর রহমানের প্ররোচনায় এসইসি এ সিদ্ধান্ত দেয়। পুরো নির্বাচন দলীয়করণ করতে তিনজনকে বিএনপিপন্থী হিসেবে চিহ্নিত করেই বাদ দিয়েছে এসইসি।