ডিএসইর ভবন ভাগ-বাঁটোয়ারা
সস্তায় জমি পেয়ে প্রায় নিজস্ব তহবিলেই বহুতল ভবন বানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ১৩ তলা সেই ভবনের জায়গা নামমাত্র মূল্যে স্থায়ী বরাদ্দ নিচ্ছেন সদস্যরা। যে সদস্য যত বেশি প্রভাবশালী, তাঁর জায়গার আয়তনও তত বেশি।২০০৯ সালের শেয়ারবাজার কেলেঙ্কারির পর এখনো লাখ লাখ বিনিয়োগকারী বাজারে ফিরতে পারেননি। সব পুঁজি হারিয়েছেন তাঁরা। বিচার হয়নি কোনো কারসাজিকারীর। শেয়ারবাজার-সংশ্লিষ্ট সব প্রভাবশালী বহাল তবিয়তে আছেন। নানাভাবে লাভবানও হচ্ছেন তাঁরা। সর্বশেষ উদাহরণ হচ্ছে ডিএসই ভবন নামমাত্র মূল্যে নিজেদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা করে নেওয়া। মাত্র আট লাখ টাকায় সদস্যরা পেয়েছেন এক হাজার বর্গফুট থেকে দুই হাজার ৫০ বর্গফুট আয়তনের একটি জায়গা। অথচ বর্তমান বাজারদরে এই পরিমাণ জায়গার মূল্য দুই কোটি থেকে চার কোটি টাকার বেশি। ১৩ তলা ভবনটি রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ এলাকায় তৈরি হয়েছে।পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন নেই ডিএসইর এই কাজে। কারণ, স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণের (ডিমিউচুয়ালাইজেশন) প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত স্টক এক্সচেঞ্জের কোনো স্থায়ী সম্পত্তি ক্রয়, বিক্রয় ও স্থানান্তরে নিষেধাজ্ঞা রয়েছে। গত ৬ জুন বিএসইসি এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। এতে আরও বলা হয়েছে, যদি জরুরি প্রয়োজনে স্টক এক্সচেঞ্জের সম্পত্তি ক্রয়, বিক্রয় বা স্থানান্তরের প্রয়োজন হয়, সে ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার পূর্বানুমতি নিতে হবে। এই নির্দেশনা অমান্য করে কোনো পূর্বানুমতি ছাড়াই ডিএসইর নিকুঞ্জ ভবনের জায়গা (অফিস স্পেস) সংস্থাটির আড়াই শ সদস্যের মধ্যে বণ্টন করা হয়েছে। ৫ আগস্ট প্রত্যেক সদস্যকে বরাদ্দের চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে বিএসইসির কেউ কথা বলতে চাননি। জায়গা বরাদ্দের বিষয়টি নিয়ে ডিএসইর অনেক সদস্যই অসন্তুষ্ট। একটি বড় অংশের অভিযোগ, কোনো ধরনের নিয়মনীতি ছাড়াই সাব-কমিটির সিদ্ধান্তে অসমভাবে এই জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। এতে কোনো কোনো সদস্য পেয়েছেন দুই হাজার ৫০ বর্গফুট জায়গা, আবার কেউ পেয়েছেন মাত্র ৮৫০ বর্গফুট। দুই হাজার বর্গফুটের বেশি জায়গা বরাদ্দ পেয়েছেন কেবল ডিএসইর প্রভাবশালী সদস্যরা। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও পুঁজিবাজার তদন্ত কমিটির প্রধান খোন্দকার ইব্রাহিম খালেদ প্রথম আলোকে বলেন, ‘যখন ডিমিউচুয়ালাইজেশনের প্রক্রিয়া চলছে, তখন স্টক এক্সচেঞ্জের নিজস্ব সম্পত্তি এভাবে অতি অল্প মূল্যে দীর্ঘস্থায়ী বরাদ্দ দেওয়া ঠিক নয়। তাই বিএসইসির উচিত হবে এ ক্ষেত্রে হস্তক্ষেপ করা।’ ১৯৯৬ সালের শেয়ারবাজার কেলেঙ্কারির ঘটনার পর সে সময়ের আওয়ামী লীগ সরকার থেকে মাত্র চার কোটি টাকায় রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ এলাকায় (বিমানবন্দর সড়কের পাশে) চার বিঘা জমি বরাদ্দ পায় ডিএসই। সেই জমিতে তৈরি হয়েছে বহুতল ভবন। এই জমি থেকে আয় না বাড়িয়ে স্থায়ীভাবে ভাগ-বাঁটোয়ারা করে নিলেন ডিএসইর সদস্যরা। ডিএসইর ২০১১-২০১২ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, বহুতল ভবনটির সম্ভাব্য নির্মাণব্যয় ধরা ছিল ১৩২ কোটি টাকার বেশি।সম্প্রতি ডিএসইর পক্ষ থেকে ডিমিউচুয়ালাইজেশনের যে প্রস্তাব তৈরি করা হয়েছে, তাতে নিকুঞ্জ টাওয়ারটিকে স্থায়ী সম্পদ হিসেবে দাম দেখানো হয়েছে ৬৭২ কোটি টাকা। নিকুঞ্জ ভবনসহ অন্যান্য স্থায়ী ও অস্থায়ী সম্পদ মিলিয়ে স্টক এক্সচেঞ্জটির প্রাতিষ্ঠানিক মূল্য দেখানো হয় প্রায় চার হাজার ২০০ কোটি টাকা।শুরুতে ৫০০ ও এক হাজার বর্গফুট—এই দুই শ্রেণীতে কে কত জায়গা বরাদ্দ নিতে চান তার ভিত্তিতে মাসিক কিস্তিতে অর্থ সংগ্রহ করা হয়। এর মধ্যে ৫০০ বর্গফুটের জন্য এক লাখ টাকা এবং অতিরিক্ত ৫০০ বর্গফুটের জন্য সাড়ে সাত লাখ টাকা করে নেওয়া হয় বলে ডিএসইর সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে। তবে প্রভাবশালী যাঁরা দুই হাজার ৫০ বর্গফুট জায়গা বরাদ্দ পেয়েছেন, তাঁরাও দিয়েছেন আট লাখ টাকা। ডিএসইর সাবেক সভাপতি ও নিকুঞ্জ ভবনের জায়গা বরাদ্দ কমিটির প্রধান কাজী ফিরোজ রশীদ প্রথম আলোকে বলেন, প্রত্যেক সদস্যের বিপরীতে বণ্টন করা জায়গা স্থায়ীভাবে বরাদ্দ দেওয়া হচ্ছে। তবে শর্ত আছে, শেয়ারবাজার-সংশ্লিষ্ট কাজের বাইরে অন্য কোনো কাজে এই জায়গা ব্যবহার করা যাবে না। প্রাপ্ত বরাদ্দ তালিকা থেকে জানা গেছে, ডিএসইর নিকুঞ্জ টাওয়ারে সর্বোচ্চ দুই হাজার ৫০ বর্গফুটের (কমন স্পেসসহ) কক্ষ বরাদ্দ পেয়েছেন সংস্থাটির সাবেক সভাপতি খাজা গোলাম রসুল, কাজী ফিরোজ রশীদ, আবদুল হক, রকিবুর রহমান, সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশীদ, বর্তমান জ্যেষ্ঠ সহসভাপতি শাহজাহান ভূঁইয়া, সহসভাপতি মিজানুর রহমান ও পরিচালক হানিফ ভূঁইয়া। দ্বিতীয় সর্বোচ্চ এক হাজার ৮৫০ বর্গফুটের কক্ষ বরাদ্দ পেয়েছে যথাক্রমে শরীফ আতাউর রহমানের মালিকানাধীন সার সিকিউরিটিজ, ডিএসইর সাবেক সভাপতি সাহিক খানের সাহিক সিকিউরিটিজ, ডিএসইর সাবেক সভাপতি আবদুল্লাহ বোখারির মালিকানাধীন এবি অ্যান্ড কোং লিমিটেড, আহমেদ ইকবাল হাসানের মালিকানাধীন প্রতিষ্ঠান, বর্তমান সভাপতি আহসানুল ইসলামের মোনা ফিন্যান্সিয়াল কনসালট্যান্সি অ্যান্ড সিকিউরিটিজ, খুরশিদ আলম সিকিউরিটিজ, ডিএসইর বর্তমান পরিচালক আজিজুর রহমানের গ্লোব সিকিউরিটিজ। প্রথম ও দ্বিতীয় সর্বোচ্চ বর্গফুটের কক্ষ বরাদ্দ পাওয়া সদস্যরা ডিএসইর প্রভাবশালী অংশ। ডিএসইর নির্বাচন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নানা বিষয়ে এঁদের মতামতকে সর্বাধিক প্রাধান্য দেওয়া হয়ে থাকে। নিকুঞ্জ এলাকায় বর্তমানে কাঠাপ্রতি জমির দাম ৯০ লাখ থেকে এক কোটি ১০ লাখ টাকা পর্যন্ত। সে হিসাবে ডিএসইর নিকুঞ্জ টাওয়ারের চার বিঘা জমির বর্তমান বাজারদর প্রায় ৭২ কোটি থেকে ৮৮ কোটি টাকা। বেসরকারি বাণিজ্যিক ভবন বিক্রেতা প্রতিষ্ঠানের হিসাবে নিকুঞ্জ এলাকায় বর্তমানে প্রতি বর্গফুট বাণিজ্যিক জায়গার (কমার্শিয়াল স্পেস) দাম অবস্থানভেদে সর্বনিম্ন ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত। সেই হিসাবে প্রায় পাঁচ লাখ বর্গফুটের এই ভবনটির জায়গার দাম দাঁড়ায় এক হাজার থেকে এক হাজার ২৫০ কোটি টাকা।ডিএসইর সভাপতি আহসানুল ইসলাম প্রথম আলোকে বলেন, ১০ বছর আগে নিকুঞ্জ ভবনে জায়গা বরাদ্দ দেওয়া হবে বলে সদস্যদের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছিল। এ কারণে সদস্যদের কাছে ডিএসইর দায়। তারই অংশ হিসেবে শুধু শেয়ারবাজার-সংশ্লিষ্ট ব্যবসা পরিচালনার জন্য সদস্যদের মধ্যে ভবনের জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে।তবে ডিএসইর বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত এ বাবদ সদস্যদের কাছ থেকে অগ্রিম অর্থ নেওয়া হয় প্রায় ১৭ কোটি টাকা। এর বাইরে ভবন নির্মাণের ব্যয় জোগান দিয়েছে ডিএসইর তহবিল।ডিমিউচুয়ালাইজেশনের আগে সম্পত্তি ক্রয়, বিক্রয় বা হস্তান্তরে নিয়ন্ত্রক সংস্থার নিষেধাজ্ঞা থাকার পরও এ ধরনের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে ডিএসই সভাপতি আহসানুল ইসলাম বলেন, এটি ক্রয়, বিক্রয় বা হস্তান্তর নয়; কেবল বরাদ্দ। তাই এখানে নিয়ন্ত্রক সংস্থার নিষেধাজ্ঞার কোনো লঙ্ঘন হয়নি।তবে খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, ‘কাজটি পুরোপুরি অনৈতিক। কারণ, দীর্ঘস্থায়ী বরাদ্দ এক ধরনের বিক্রি হিসেবে গণ্য।