ডিএসইর মূল্যসূচক দুই বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন মুদ্রানীতি ঘিরে গতকাল বৃহস্পতিবার দেশের শেয়ারবাজারের লেনদেন কিছুটা স্থবির হয়ে পড়ে। দুই বাজারেই বড় ধরনের দরপতন ঘটে।দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক গতকাল প্রায় ৭৮ পয়েন্ট বা পৌনে ২ শতাংশ কমে দিন শেষে চার হাজার ৪৮৭ পয়েন্টে নেমে এসেছে। এটি গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন।এর আগে ২০০৯ সালের ২৭ ডিসেম্বর ডিএসইর সাধারণ মূল্যসূচক চার হাজার ৪৭৫ পয়েন্টের সর্বনিম্ন অবস্থানে ছিল।গতকাল অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৩ হাজার পয়েন্টের নিচে নেমে গেছে।বাজারের বিনিয়োগকারীদের মধ্যে গতকাল দিনভরই আলোচনার কেন্দ্রে ছিল নতুন ‘মুদ্রানীতি’। তবে ঘোষিত মুদ্রানীতিতে পুঁজিবাজার বিষয়ে সরাসরি কিছুই বলা হয়নি।যোগাযোগ করা হলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সাবেক চেয়ারম্যান মির্জ্জা আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘নতুন মুদ্রানীতিতে পুঁজিবাজার সম্পর্কে ইতিবাচক বা নেতিবাচক কোনো কিছুই নেই। এ ক্ষেত্রে অবস্থান আগের মতোই আছে। তাই আমি মনে করি না নতুন মুদ্রানীতির কারণে বিনিয়োগকারীদের ভীত হওয়ার কোনো কারণ আছে।’তবে নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির যে হার নির্ধারণ করা হয়েছে, শেষ পর্যন্ত সেটি বাস্তবায়ন সম্ভব হবে কি না, এ নিয়ে সংশয় প্রকাশ করেন সাবেক এই উপদেষ্টা।মির্জ্জা আজিজের মতে, ব্যাংকব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণ অব্যাহত থাকলে বছর শেষে বেসরকারি খাতের নির্ধারিত ঋণ প্রবৃদ্ধি অর্জিত হওয়ার সম্ভাবনা কম।অন্যদিকে সিএসইর সাবেক সভাপতি ফখরউদ্দিন আলী আহমেদ প্রথম আলোকে বলেন, ‘নতুন মুদ্রানীতি ঘিরে বিনিয়োগকারীদের মনে যে শঙ্কা বা দ্বিধা তৈরি হয়েছে, তারই প্রভাব গতকালের বাজারে পড়েছে। তবে বাজারকে সরাসরি ক্ষতিগ্রস্ত করবে এমন কোনো আভাস বা পদক্ষেপও নেওয়া হয়নি। এটি বাজারের জন্য ভালো।’মুদ্রানীতি ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে কিছুদিন ধরে যে শঙ্কা ও বিভ্রান্তি তৈরি হয়েছে, তা আগে সেভাবে দেখা যায়নি। বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, মুদ্রানীতি ঘোষিত হয় দেশের সামগ্রিক অর্থনীতিকে মাথায় রেখে। কাজেই এর সঙ্গে পুঁজিবাজারের একক বা নিবিড় কোনো সম্পর্ক নেই। ডিএসইতে গতকাল প্রায় ১৯০ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৭৩ কোটি টাকা কম। পাশাপাশি গত আড়াই মাসের মধ্যে বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল সর্বনিম্ন। এর আগে গত বছরের ৩ নভেম্বর সর্বশেষ ডিএসইতে ১৮২ কোটি টাকার লেনদেন হয়েছিল।চট্টগ্রাম শেয়ারবাজারের সার্বিক মূল্যসূচক গতকাল কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৯২৫ পয়েন্টে। দিন শেষে ওই বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৮ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে আট কোটি টাকা কম।পরিপত্র প্রত্যাহার: সরকারি কর্মকর্তাদের ফাটকা কারবারে বিনিয়োগের নিষেধাজ্ঞা বিষয়ে গত ১৮ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় যে পরিপত্র জারি করেছিল, সেটি লিখিতভাবে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।সরকারের জ্যেষ্ঠ সচিব আবদুস সোবহান সিকদার গতকাল লিখিতভাবে পরিপত্রটি প্রত্যাহারের ঘোষণা দেন। যদিও পরিপত্র জারির দেড় ঘণ্টার মধ্যেই মৌখিকভাবে সেটি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছিল।