ডিকেন্সের লেখা নিয়ে সবচেয়ে পুরোনো চলচ্চিত্রের হদিস (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনের ভিক্টোরীয় আমলের বিখ্যাত লেখক চার্লস ডিকেন্সের লেখা নিয়ে নির্মিত সবচেয়ে পুরোনো চলচ্চিত্রটি আবিষ্কার করা হয়েছে। চলচ্চিত্রটির নাম ‘দ্য ডেথ অব পুওর জো’। বিবিসির খবরে বলা হয়, ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট (বিএফআই) জাদুঘরের পরিচালক ব্রাইওনি ডিক্সন চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এটি আবিষ্কার করেন। ১৯০১ সালের মার্চে ছবিটি নির্মিত হয়েছিল। এত দিন পর্যন্ত ‘স্ক্রুজ অর মার্লিস গোস্ট’ ছিল ডিকেন্সের রচনা নিয়ে নির্মিত সবচেয়ে পুরোনো চলচ্চিত্র। ১৯০১ সালের নভেম্বরের দিকে চলচ্চিত্রটি মুক্তি পায়। মিসেস ডিক্সন বলেন, ‘এ রকম একটি দুর্লভ ও অনন্য চলচ্চিত্র আবিষ্কার করতে পারাটা চমত্কার ব্যাপার।’ এত পুরোনো হলেও ছবিটি বেশ ভালোভাবেই অক্ষত আছে। এ বছর ডিকেন্সের জন্মের দ্বি-শতবার্ষিকী উদযাপনের প্রাক্কালে ছবিটির আবিষ্কার ভিন্ন মাত্রা যোগ করবে।এ উপলক্ষে চলতি মাসের ৯ ও ২৩ তারিখে বিএফআই সাউথব্যাংকে (ব্রিটেনের সাবেক ন্যাশনাল ফিল্ম থিয়েটার) দ্য ডেথ অব পুওর জো ছবিটি প্রদর্শন করা হবে। চলচ্চিত্র সংস্থা জানিয়েছে, পরবর্তী সময়ে ডিভিডি আকারে ছবিটির ফুটেজ পাওয়া যাবে। বিএফআই জাদুঘরের পরিচালক ডিক্সন জানান, পুরোনো দিনের চীনা ছবি নিয়ে গবেষণা করতে গিয়ে হঠাত্ করেই তিনি দ্য ডেথ অব পুওর জো ছবিটি খুঁজে পান। মাত্র এক মিনিটের এই ছবিটিতে দেখা যায়, একটি গির্জার প্রাঙ্গণে তুষারপাতে জমে গিয়ে মারা যাচ্ছেন জো। তিনি মাটিতে পড়ে যাওয়ার পর স্থানীয় এক প্রত্যক্ষদর্শী তাঁকে সাহায্য করতে এগিয়ে যান। মৃত্যুর আগ পর্যন্ত লোকটি তাঁকে ধরে রাখেন।

ভিডিওচিত্রটি পরিচালনা করেন জর্জ আলবার্ট স্মিথ। স্মিথের পরিচিত ব্রিটেনের ব্রাইটন এলাকার এক চলচ্চিত্র সংগ্রাহক ১৯৫৪ সালে ছবিটি বিএফআইকে হস্তান্তর করেন। বিএফআই বলেছে ছবিটিতে জো চরিত্রে অভিনয় করেছেন স্মিথের স্ত্রী লরা বেইলি এবং টম গ্রিন নামে এক ব্যক্তি ওই প্রত্যক্ষদর্শীর চরিত্রে অভিনয় করেন।