ডিক্রি বাতিলের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো দেওয়ানি মামলায় কারও বিরুদ্ধে একতরফা কোনো রায় ডিক্রি হলে এবং সেটি দ্বারা নিজেকে ক্ষতিগ্রস্ত বলে মনে করলে তিনি চারটি প্রতিকারমূলক ব্যবস্থার এক বা একাধিক পন্থা অবলম্বন করতে পারেন। এক. আপিল করা; দুই. আপিল না করতে পারলে একই আদালতে রিভিউর আবেদন করা; তিন. ডিক্রিটি রদপূর্বক মূল মামলাটি পুনর্বহালের দাবিতে মিস-সানি মামলা করা; এবং চার. সমনজারিতে প্রতারণা বা ধোঁকাবাজির ঘটনা ঘটে থাকলে ডিক্রিটি বাতিলের জন্য আলাদা মামলা করা।ডিক্রি বাতিলের মামলাগুলোর অধিকাংশেই দেখা যায়, প্রতারণামূলক কাজের সুনির্দিষ্ট কোনো অভিযোগ উল্লেখ না করে বরং নালিশা বিষয়বস্তুতে বাদীপক্ষের উত্তম হক রয়েছে দাবি করে তর্কিত ডিক্রির গুণাগুণ অস্বীকার বা প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। কিন্তু উচ্চ আদালত কর্তৃক এটা প্রতিষ্ঠিত যে, একতরফা রায়-ডিক্রি বাতিল করার জন্য আলাদা মামলা করা যায় একটি অভিযোগে এবং সেটি হচ্ছে তর্কিত অর্থাৎ, আগের মামলায় সমনাদি জারিকরণে যদি ধোঁকাবাজি বা প্রতারণামূলক কোনো কর্ম সংঘটিত হয়ে থাকে তাহলে। অর্থাৎ, আগের মামলার বাদী সমনজারি কার্যক্রমে ইচ্ছাকৃতভাবে এমন কিছু করে থাকবেন, যার ফলে মামলার খবরটি বিবাদীর (নতুন মামলার বাদী) অজানা থেকে যায়—যদিও দেখানো হয় যে যথাযথভাবেই সমনটি জারি করা হয়েছিল। ডিক্রি বাতিলের মামলায় তর্কিত ডিক্রির যথার্থতা অর্থাৎ, তাতে বাদী যা পেয়েছে, তা পেতে সে হকদার ছিল কি না কিংবা তাতে উপস্থাপিত সাক্ষ্যাদি সঠিক বা খাঁটি ছিল কি না, এসবের কিছুই বিচার্যও হবে না। প্রথমোক্ত নীতির আইনি যুক্তি হচ্ছে, প্রতারণা যেকোনো মহৎ কাজকেও নষ্ট করে দেয়; আর শেষোক্ত নীতির আইনি যুক্তি হচ্ছে, একতরফায় হলেও আগের মামলায় আনীত দাবি প্রমাণ করেই প্রতিকার নিতে হয়েছে, নতুন করে আবার তা প্রমাণের সুযোগ নেই।মামলা দায়েরকারী ব্যক্তিদের এটা বিবেচনায় রাখতে হবে, ডিক্রি বাতিলের মামলার আরজিতে যদি প্রতারণামূলক কর্মের সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকে, তাহলে নালিশের কোনো কারণ নেই মর্মে সিদ্ধান্ত দিয়ে আরজি নাকচ করে দেওয়ার সুযোগ আদালতের রয়ে যায়। আবার, যেহেতু এরূপ মামলায় নালিশা বিষয়বস্তুতে পক্ষদের অধিকার আছে কি নেই বা থাকলেও কার পরিমাণ কত, সে বিষয়ে সিদ্ধান্ত দেওয়া যাবে না। সেহেতু মামলার আরজিতে সেসবের দাবি আনয়ন করা বা বিচারের সময় সেসবের স্বপক্ষে সাক্ষ্য উপস্থাপন করাও উচিত নয়। কারণ, তা অপ্রয়োজনীয়। এটা মেনে মামলা করলে প্রতিকার লাভের সম্ভাবনা বেশি থাকে। প্রকৃতি অনুযায়ীই যেখানে শুধু প্রতারণামূলক কর্ম সংঘটিত হয়েছিল কি না, সে বিষয়ে সিদ্ধান্ত দিয়েই মামলার নিষ্পত্তি করে ফেলার সুযোগ আছে, সেখানে বিষয়বস্তুতে পক্ষদের অধিকার আছে কি না, সে বিষয়ে আদালতই বা নজর দেবেন কেন? সে ক্ষেত্রে মূল্যবান সময় তো নষ্ট হবেই, দোবরা-দোষের নীতিও লঙ্ঘিত হবে?তবে হ্যাঁ, সংক্ষুব্ধ ব্যক্তি যদি বিষয়বস্তুতে বিদ্যমান তাদের দাবিদাওয়াগুলোরও চূড়ান্ত ফয়সালা কামনা করেন, তাহলে একতরফা ডিক্রির দায়িক হিসেবে তাঁর উচিত সানি মামলা করা বা তর্কিত ডিক্রির বিরুদ্ধে আপিল করা। সংক্ষুব্ধ ব্যক্তি তর্কিত মামলার কোনো বিবাদী না হলেও আপিল-আদালতের অনুমতি নিয়ে আপিল করার সুযোগ তাঁর থাকে। সানি মামলা মঞ্জুর হলে একতরফা ডিক্রি রদ হয়ে মূল মামলাটিই চালু হয়, যেখানে সবার দাবিদাওয়া ভালোভাবে নিষ্পত্তির সুযোগ থাকে; আপিল আদালত নিজেও তা করতে পারেন, আবার বিচারিক আদালতকে করার নির্দেশ দিয়ে মামলা রিমান্ডও করতে পারেন। খেয়াল রাখার বিষয় হচ্ছে, ডিক্রি-রদের মামলায় ডিক্রি হলে তর্কিত অর্থাৎ, আগের ডিক্রিটি বাতিল হয়ে যায়, কিন্তু ওই মামলাটি আর পুনর্বহাল হয় না। একতরফা ডিক্রির বিরুদ্ধে আনীত সানি ও স্বতন্ত্র মামলার ফলাফলের আইনগত পার্থক্য এটাই। এর আইনি যুক্তিও আছে, একতরফা রায় ডিক্রির বিরুদ্ধে বিরাজমান চারটি ব্যবস্থার মধ্যে আপিল বা রিভিউ বা সানি হচ্ছে সংক্ষুব্ধ ব্যক্তির জন্য প্রতিকারমূলক, কিন্তু স্বতন্ত্র মামলা হচ্ছে অপরাধী ডিক্রিদারের জন্য শাস্তিমূলক। ধোঁকাবাজি বা প্রতারণা মামলার বাদী যদি তা করে থাকেন, তাহলে দেওয়ানি শাস্তি হিসেবেই হাসিলি রায় ডিক্রিটি বাতিল করে দেওয়া হয়, মামলা পুনর্বহাল করে তাকে আবার পরোক্ষভাবে পুরস্কৃত করা যায় না।লেখক  জ্যেষ্ঠ সহকারী জজ, গাইবান্ধা।