ডিগ্রি কোর্স চালু শিক্ষার্থীরা খুশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে ডিগ্রি কোর্স চালু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে কলেজে এই কোর্স চালুর অনুমতি দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের এক মাসের লাগাতার আন্দোলনের পর কলেজে ডিগ্রি কোর্স চালুর অনুমতি পাওয়ায় শিক্ষক-শিক্ষার্থী সবাই খুশি।কলেজ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ শহরের বাঁধনপাড়া এলাকায় ১৯৮৬ সালে মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয়। সরকারীকরণ করা হয় ১৯৯৭ সালে। বর্তমানে কলেজে প্রায় ৭০০ ছাত্রী লেখাপড়া করছে। জেলার প্রত্যন্ত অঞ্চলের মেয়েরা পড়তে আসে এখানে। প্রতিবছর প্রায় ২০০ ছাত্রী এইচএসসি পাস করে। কিন্তু এরপর তারা আর ওই কলেজে পড়তে পারে না। কলেজে ডিগ্রি কোর্স চালুর জন্য দীর্ঘদিন থেকে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক সবাই দাবি জানিয়ে আসছিলেন। এক মাস ধরে এ দাবিতে শিক্ষার্থীরা ক্লাসবর্জন, শহরে মিছিল-সমাবেশ, স্মারকলিপি প্রদান, গণস্বাক্ষর সংগ্রহসহ নানা কর্মসূচি পালন করে। তাদের আন্দোলনের সঙ্গে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ সংহতি প্রকাশ করে।কলেজে ডিগ্রি কোর্স চালুর খবরে শিক্ষক-শিক্ষার্থী সবাই খুশি। শিক্ষার্থী কাকলী জাহান সোমা, মাহবুবা রহমান, রাখী জাহান, পাপিয়া খান বলে, ‘কলেজে ভর্তি হয়েই শুনেছিলাম ডিগ্রি কোর্স চালু হবে। অবশেষে আমাদের স্বপ্ন সফল হয়েছে। আমরা সবাই খুশি। এ জন্য কলেজের সব শিক্ষার্থীর পক্ষ থেকে মাননীয় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’কলেজের অধ্যক্ষ মো. নেছার আহমদ বলেন, ‘ডিগ্রি কোর্স চালুর বিষয়ে গতকাল সোমবার (২০ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতিপত্র আমরা পেয়েছি। এখন জাতীয় বিশ্ব্ববিদ্যালয়ের কিছু আনুষ্ঠানিকতা আছে। আশা করি, এ বছর থেকেই ডিগ্রি ক্লাসে ছাত্রী ভর্তি করা যাবে।’