প্রতিষ্ঠার ২৪ বছর পরও সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে ডিগ্রি কোর্স চালু হয়নি। কলেজে ডিগ্রি কোর্স চালুর দাবিতে গত এক মাস ধরে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী সবার দাবি, অবিলম্বে সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে ডিগ্রি কোর্স চালু করা হোক।কলেজ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ শহরের বাঁধনপাড়া এলাকায় ১৯৮৬ সালে মহিলা কলেজ প্রতিষ্ঠা হয়। কলেজটি সরকারীকরণ করা হয় ১৯৯৭ সালে। বর্তমানে এ কলেজে প্রায় ৭০০ ছাত্রী লেখাপড়া করছেন। জেলার প্রত্যন্ত অঞ্চলের মেয়েরা এখানে পড়তে আসেন। প্রতিবছর প্রায় ২০০ ছাত্রী এইচএসসি পাস করেন। কিন্তু এরপর তাঁরা আর এ কলেজে পড়তে পারেন না। তাঁদের কেউ কেউ সুনামগঞ্জ সরকারি কলেজ, আবার অনেকেই সিলেটে কিংবা অন্য জায়গায় পড়তে যান। যাঁদের বাইরে গিয়ে পড়ার মতো আর্থিক সামর্থ্য থাকে না, তাঁদের লেখাপড়া থেমে যায়।সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে ডিগ্রি কোর্স চালুর দাবি বহুদিনের। যে সরকার ক্ষমতায় থাকে, তাদের কাছেই এ দাবি জানান শিক্ষার্থীরা। রাজনৈতিক নেতারা ডিগ্রি কোর্স চালুর জন্য প্রতিশ্রুতি দেন। গত চারদলীয় সরকারের শেষ সময়ে স্বয়ং অর্থমন্ত্রী এম সাইফুর রহমান কলেজে গিয়ে ডিগ্রি কোর্স চালুর ঘোষণা দেন। কিন্তু সেই প্রতিশ্রুতি আর বাস্তবায়িত হয়নি। তাই বাধ্য হয়েই শিক্ষার্থীরা এবার আন্দোলনে নেমেছেন। গত এক মাস ধরে তাঁরা ক্লাস বর্জন, মিছিল-সমাবেশে স্মারকলিপি প্রদান, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছেন। বর্তমানে তাঁদের গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি চলছে। গণস্বাক্ষর সংগ্রহের পর সুধীজনদের সঙ্গে মতবিনিময় করবেন তাঁরা। শিক্ষার্থীদের এই আন্দোলনের সঙ্গে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শ্রেণীপেশার মানুষ সংহতি প্রকাশ করেছেন।সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে এবার এইচএসসি পাস করেছেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার শিক্ষার্থী ফারজানা আক্তার। তিনি লেখাপড়া করেছেন কলেজের হোস্টেলে থেকে। ফারজানা জানান, তাঁর পরিবার ছাত্রদের সঙ্গে একই কলেজে পড়তে দিতে রাজি নন। এখন কী করবেন সিদ্ধান্ত নেননি। যদি এ কলেজে ডিগ্রি কোর্স চালু থাকত, তাহলে এখানেই পড়তেন বলে জানান তিনি। কলেজের শিক্ষার্থী কাকলী জাহান, মাহবুবা রহমান, রাখী জাহান ও পাপিয়া খান বলেন, ‘কলেজে ভর্তি হয়েই শুনেছিলাম, ডিগ্রি কোর্সে চালু হয়ে যাচ্ছে। কিন্তু এখনো কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আমরা আন্দোলন শুরু করেছি। ডিগ্রি কোর্স ছালু না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। প্রয়োজনে কলেজের গেটে তালা ঝুলিয়ে দেব।’কলেজের শিক্ষক বিল্লাল হোসেন বলেন, ‘এখানে শুধু ডিগ্রি কোর্স কেন, অনার্স কোর্সও চালু করা দরকার। সুনামগঞ্জের নারী শিক্ষার উন্নয়নে এর কোনো বিকল্প নেই। প্রতিবছর প্রায় ২০০ ছাত্রী এইচএসসি পাস করে। নানা করণে এর একটা অংশ আর পড়তে পারে না। এখানে ডিগ্রি কোর্স চালু থাকলে তারা এখানেই পড়ার সুযোগ পেত।’ কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন বলেন, ‘এটি সুনামগঞ্জের একমাত্র সরকারি মহিলা কলেজ। এখানে যারা লেখাপড়া করতে আসে, তারা জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে আসে। তাদের উচ্চশিক্ষা নিশ্চিত করতেই কলেজে ডিগ্রি কোর্স চালু করা দরকার। এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ সচেতন। কলেজের পক্ষ থেকে লিখিত আবেদন করা হয়েছে।’প্রবীণ শিক্ষাবিদ ও সুনামগঞ্জ জেলা মহিলা পরিষদের সভানেত্রী শীলা রায় বলেন, ‘আমরা শুধু মুখে মুখে নারী শিক্ষার উন্নয়নের কথা বলি। ২৪ বছরেও এখানে ডিগ্রি কোর্স চালু হয়নি, এটা খুবই দুঃখজনক। ছাত্রীরা এখন তাদের দাবি নিয়ে আন্দোলন করছে। আমরা তাদের সঙ্গে আছি।’ জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সঙ্গে প্রতিটি কর্মসূচিতে অংশ নিই। এ কলেজে এখনো ডিগ্রি কোর্স চালু না হওয়ার লজ্জা সবার। সরকারি মহিলা কলেজে অবশ্যই ডিগ্রি কোর্স চালু করতে হবে।’অধ্যক্ষ মো. নেছার আহমদ বলেন, ‘আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি কোর্স চালুর জন্য আবেদন করেছি। স্থানীয় সাংসদের সঙ্গেও আলোচনা হয়েছে। সবাই এ ব্যাপারে আন্তরিক। আমরা আশাবাদী, কর্তৃপক্ষ বিষয়টি বিশেষভাবে বিবেচনা করবেন।’