ডিগ্রি ছাড়াই চিকিৎসক, ফি ৫০০ টাকা!
চিকিৎসাবিদ্যায় প্রচলিত ডিগ্রি দূরে থাক, ন্যূনতম প্রশিক্ষণও নেই তাঁর। আগে জুতার দোকানে বসে তিনি জুতা বিক্রি করতেন, এখন পরীক্ষা ছাড়াই রোগীকে লিখে দেন ব্যবস্থাপত্র। জনপ্রতি ফি নেন ৫০০ টাকা। রোগীর মুখে কেবল রোগের লক্ষণের বর্ণনা শুনে ওষুধ দেন তিনি, যে ওষুধ কিনতে রোগীদের গাঁট থেকে হাজার হাজার টাকা নেমে যায়।চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় দুই বছর ধরে বেশ পসার জমিয়েছেন আনোয়ার হোসেন (৪৫) নামের এই চিকিৎসক। ‘টিয়েন্স সাপোর্ট সেন্টার’ নামের একটি চিকিৎসাকেন্দ্রে প্রতি সোম ও শুক্রবার ‘চিকিৎসাসেবা’ দিচ্ছেন তিনি। হাজীগঞ্জ বাজারের ডিগ্রি কলেজ রোডে ব্যবসায়ী মিরন মিয়ার বাড়ির নিচতলা ভাড়া নিয়ে এই কেন্দ্রটি চালু করা হয়েছে।গত সোমবার বিকেলে ওই চিকিৎসাকেন্দ্রে গেলে প্রতিষ্ঠানের মালিক বলে পরিচয় দেওয়া ইকবাল হোসেন বলেন, প্রায় দুই বছর ধরে তিনি চিকিৎসাকেন্দ্রটি চালাচ্ছেন। এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, হাজীগঞ্জ পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স নিয়েছেন। আগামী জুন মাস পর্যন্ত মেয়াদ রয়েছে।টিয়েন্স সাপোর্ট সেন্টারের ব্যবস্থাপক আবদুর রউফ বলেন, প্রতি শুক্র ও সোমবার এখানে ২৫-৩০ জন রোগী আসে। এসব রোগীকে তিন থেকে ছয় হাজার টাকা মূল্যের ওষুধ দেওয়া হয়।এরপর কথা হয় চিকিৎসক পরিচয় দেওয়া আনোয়ার হোসেনের সঙ্গে। তাঁর ভাষ্য, চাঁদপুর সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করেছেন তিনি। তারপর স্থানীয় হাজীগঞ্জ প্লাজায় বছর তিনেক জুতার দোকানে চাকরি করেন।আনোয়ার হোসেন বলেন, ২০০৭ সালে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কয়েক মাস চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে তিয়ানশি বাংলাদেশ কোম্পানি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের একজন প্রতিনিধির সঙ্গে তাঁর পরিচয় হয়। তাঁর পরামর্শক্রমে ওই কোম্পানির ওষুধ সেবনে তিনি ডায়াবেটিসসহ কিছু রোগ থেকে মুক্ত হন। পরে এ চিকিৎসা পদ্ধতি স্বজনদের মধ্য প্রয়োগ করতে করতে নিজেই চিকিৎসক বনে যান।আনোয়ার হোসেন যে কাগজে রোগীদের ব্যবস্থাপত্র দেন, এতে তাঁর নাম বা কোনো ডিগ্রি উল্লেখ নেই। যা রয়েছে তা হচ্ছে—Dietaৎy Advice, Tianshi (তিয়ানশি) Bangladesh Co. Ltd. Comilla Niৎapod Stokist, সন্ধানী হোল্ডিং, ২৫১/কে, শহীদ সামছুল হক রোড, ঝাউতলা, কুমিল্লা-৩৫০০। তাঁকে জিজ্ঞাসা করা হয় কুমিল্লার ঠিকানায় হাজীগঞ্জে চিকিৎসা করেন কেন? এ প্রশ্নের কোনো সদুত্তর তিনি দিতে পারেননি। ৫০০ টাকা ফি নেওয়া প্রসঙ্গে আনোয়ার হোসেন বলেন, ‘এ টাকা আমি একা নিই না। যিনি রোগী আনেন এবং যাঁরা এখানে শেয়ারদার, তাঁরা এ টাকার ভাগ পান। একইভাবে ওষুধ বিক্রি করে যে লাভ হয়, এটাও সবাই ভাগ করে নেয়।’ তিয়ানশি বাংলাদেশ কোম্পানির নামে টিয়েন্স সাপোর্ট সেন্টার থেকে সরবরাহ করা একটি প্রচারপত্রে লেখা আছে—চীনের গ্লোবাল তিয়ানশি কোম্পানি এখন বাংলাদেশে। প্রচারপত্রে এই কোম্পানির বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন, পণ্যের মানের জন্য বহুবার স্বর্ণপদক অর্জনের কথা উল্লেখ রয়েছে। বলা হয়েছে, বিশ্বের দুই শতাধিক দেশে স্বাস্থ্যসেবা দিচ্ছে তিয়ানশি। তবে প্রচারপত্রে বাংলাদেশে কোম্পানির স্থায়ী বা প্রধান কার্যালয়ের কোনো ঠিকানা নেই।অভিযোগ রয়েছে, একশ্রেণীর দালালের মাধ্যমে তাঁরা রোগী সংগ্রহ করেন। দালালদের মধ্যে রাজনৈতিক নেতা, শিক্ষক, জনপ্রতিনিধি রয়েছেন। জাহানারা বেগম নামের একজন নিজেকে শাহরাস্তি মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক পরিচয় দিয়ে এই প্রতিবেদককে বলেন, ‘আমাদের সঙ্গে অনেকেই আছেন। আপনিও আমাদের সঙ্গে যোগ দিলে লাভবান হবেন।’ বড়কুল (পূর্ব) ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য আবু তালেব বলেন, ‘আমি মাঝেমধ্যে ওই চিকিৎসাকেন্দ্রে রোগী পাঠিয়ে ৪০০ থেকে ৫০০ টাকা কমিশন পাই।’ওই চিকিৎসাকেন্দ্রে ছয় মাস আগে চিকিৎসা নেন উপজেলার হাটিলা গ্রামের কৃষক মো. রুহুল আমিন। তিনি অভিযোগ করেন, হাঁপানি ও জন্ডিসে ভুগছিলেন তিনি। একই গ্রামের ইসমাইল হোসেন তাঁকে ওই চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। সেখানে তাঁর কাছ থেকে সাড়ে তিন হাজার টাকা নিয়ে ওষুধ দেওয়া হয়। কিন্তু এসব ওষুধ খেয়ে তাঁর রোগ সারেনি। পরে তিনি অন্যত্র চিকিৎসা নেন।মহব্বতপুর গ্রামের আবদুল খালেক বলেন, ডায়াবেটিস রোগের জন্য তিনি ওই চিকিৎসাকেন্দ্র থেকে সাড়ে চার হাজার টাকার ওষুধ খান। এতে কোনো উপকার হয়নি। ওই চিকিৎসাকেন্দ্রে আনোয়ার হোসেনের কাছ থেকে চিকিৎসা নেওয়া আরেক রোগী হলেন মাহবুব আলম। সৌদি আরবে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন তিনি। মাহবুব আলম জানান, কোনো পরীক্ষা ছাড়াই আনোয়ার ৫০০ টাকা ফি নিয়ে ব্যবস্থাপত্রে তাঁকে তিনটি ওষুধ লিখে দেন। এসব ওষুধ সেবনের ১৭-১৮ দিন পর আবার দেখা করতে বলেন তিনি। তিনটি ওষুধের দাম ধরা হয় সাড়ে ছয় হাজার টাকা। মাহবুব আলম বলেন, ‘ওষুধের দাম এত বেশি ধরায় সন্দেহ জাগে। ওষুধ না কিনেই আমি চলে আসি।’হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) প্রদীপ কুমার দত্ত বলেন, ‘ওই চিকিৎসাকেন্দ্র সম্পর্কে আমার ধারণা নেই।’ টিয়েন্স সাপোর্ট সেন্টারের সাবেক অংশীদার সাইফুল ইসলাম বলেন, ‘চিকিৎসার নামে মানুষকে ঠকানোর বিষয়টি বুঝতে পেরে আমি ওই ব্যবসা থেকে চলে আসি।’হাজীগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক মো. শওকত হোসেন বলেন, ওই চিকিৎসাকেন্দ্রে কেউ প্রতারিত হয়ে থাকলে অভিযোগ করলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। গত বুধবার রাতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. শাহনেওয়াজ বলেন, ‘এ ধরনের কয়েকটি চিকিৎস্যাকেন্দ্র ও সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে এর আগে পুলিশের সহায়তা ব্যবস্থা নিয়েছি। খোঁজ-খবর করে এ সেন্টারটির সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’ হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ মজুমদার বলেন, ‘এ বিষয়ে আমার ধারণা নেই বা কেউ এ ব্যাপারে কোনো অভিযোগ নিয়ে আমার কাছে আসেনি।’