ডিগ্রি থাকলেও চিকিৎসকেরা আইনত বিশেষজ্ঞ নন!
এফসিপিএস, এমএস, এমডি ইত্যাদি ডিগ্রি নেওয়ার পর চিকিৎসকেরা ‘বিশেষজ্ঞ চিকিৎসক’ বলে গণ্য হন। তবে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) আইনে এসব বিশেষজ্ঞ ডিগ্রির কোনো স্বীকৃতি নেই। অর্থাৎ বিশেষজ্ঞ ডিগ্রি অর্জনের পরও চিকিৎসকদের নামের পাশে বিশেষজ্ঞ লেখার আইনগত কোনো বৈধতা নেই।বিএমডিসি আইনে বিশেষজ্ঞ ডিগ্রির একাডেমিক স্বীকৃতি দেওয়া হলেও প্র্যাকটিসের ক্ষেত্রে কোনো স্বীকৃতি এবং ওই ডিগ্রির নিবন্ধনের বিধান রাখা হয়নি। বিশেষজ্ঞ হলেও তাই চিকিৎসকেরা আইনত বিশেষজ্ঞ নন।চিকিৎসকেরা জানান, বিভিন্ন উন্নত দেশসহ এশিয়ার বেশ কিছু দেশেও বিশেষজ্ঞ ডিগ্রির স্বীকৃতি দেওয়ার বিধান এবং বিশেষজ্ঞ হিসেবে তাঁদের নিবন্ধনের ব্যবস্থা রয়েছে। তবে দেশের বিএমডিসি আইনে সে বিধান রাখা হয়নি। ফলে অনেকেই বিশেষজ্ঞ লিখছেন, কিন্তু আইন অনুযায়ী তিনি তা লিখতে পারেন না।দেশের ও দেশের বাইরের স্বীকৃত মেডিকেল কলেজ থেকে পাস করা চিকিৎসকেরা তাঁদের ডিগ্রি ব্যবহারিক ক্ষেত্রে কীভাবে প্রয়োগ করতে পারবেন, তা নির্ধারণ করতে ১৯৭৩ সালে প্রথম বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন পাস করা হয়। ১৯৮০ সালে ওই আইনটি সংশোধন করা হয়। সাম্প্রতিক প্রেক্ষাপটে সংশোধন ও পরিমার্জন করে গত মঙ্গলবার বিএমডিসি আইন, ২০১০ জাতীয় সংসদে পাস হয়। কিন্তু একবারও আইনে বিশেষজ্ঞ ডিগ্রিধারী চিকিৎসকের ডিগ্রির স্বীকৃতির বিধান রাখা হয়নি।সূত্র জানায়, বিশ্বের বিভিন্ন দেশে বিশেষজ্ঞ ডিগ্রির স্বীকৃতি দেওয়া এবং আলাদাভাবে এসব চিকিৎসকের নিবন্ধন করা হয়। এ কারণে সেসব দেশের চিকিৎসকেরা নিজেদের কোনো বিষয়ে বিশেষজ্ঞ বলতে পারেন এবং তাঁদের কোনো আইনি জটিলতায় পড়তে হয় না। সূত্র জানায়, ওই সব দেশে বিশেষজ্ঞরা আদৌ বিশেষজ্ঞর সেবা দিচ্ছেন কি না, তার প্রমাণ হিসেবে প্রতিবছর তাঁরা কী কী কাজ করছেন, এর একটি তালিকাও সরকারের কাছে তাঁদের জমা দিতে হয়।জানতে চাইলে বিএমডিসির রেজিস্ট্রার জাহেদুল হক বসুনিয়া প্রথম আলোকে বলেন, ‘কোনো চিকিৎসক যদি কোনো বিষয়ে এফসিপিএস, এফআরসিএস ডিগ্রি অর্জন করেন, তাহলে তিনি নিজেকে বিশেষজ্ঞ বলতে পারেন। তবে সরকারিভাবে আমরা কাউকে বিশেষজ্ঞ হিসেবে সার্টিফাই করি না।’সদ্য পাস হওয়া বিএমডিসি আইন-২০১০-এ এমবিবিএস ডিগ্রির নিবন্ধনের কথা বলা হলেও কোথাও বিশেষজ্ঞ ডিগ্রি নিবন্ধনের কথা নেই। ফলে এ আইন অনুযায়ী, স্বীকৃত চিকিৎসা যোগ্যতা বলতে এমবিবিএস ডিগ্রিকে বুঝাবে এবং ওই ডিগ্রিধারী ব্যক্তি চিকিৎসক হিসেবে নিবন্ধন ও একটি নিবন্ধন নম্বর পাবেন। আইনে এমএস, এফসিপিএস, এমআরসিপি, এফআরসিএস, এফআরসিপি, এমডি, এমফিল ও স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন বিষয়ে ডিপ্লোমাসহ বিশেষজ্ঞ ডিগ্রির জন্য একাডেমিক স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু বিশেষজ্ঞ হিসেবে সেবা দেওয়ার জন্য সেই ডিগ্রির আলাদা নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়নি।স্বীকৃতি না থাকায় ক্ষতি কী? একাধিক ‘বিশেষজ্ঞ চিকিৎসক’ প্রথম আলোকে বলেছেন, বিএমডিসি আইনে বিশেষজ্ঞ ডিগ্রির স্বীকৃতি না থাকায় বিশেষজ্ঞদের আইনগতভাবে দায়বদ্ধ করা যাচ্ছে না। উদাহরণ হিসেবে তাঁরা বলেন, এমবিবিএস পাস করা কোনো চিকিৎসক যদি চোখের চিকিৎসায় ভুল করেন, তবে তাঁর শাস্তি কম হবে। কারণ, তিনি ওই বিষয়ে বিশেষজ্ঞ নন। কিন্তু কোনো চক্ষু বিশেষজ্ঞ যদি ওই ভুল করেন, তবে তাঁকেও একই রকম শাস্তির আওতায় আনা যায়। কিন্তু আইনি স্বীকৃতি না থাকায় বিশেষজ্ঞ হওয়ার পরও যে তিনি ভুল করেছেন, এর জন্য দৃষ্টান্তমূলক কোনো শাস্তি দেওয়া যাচ্ছে না বা তাঁকে বিশেষজ্ঞ হিসেবে দায়বদ্ধ করা যাচ্ছে না।বিশেষজ্ঞর সংখ্যা জানে না বিএমডিসি: নিবন্ধনের সুযোগ না থাকায় চিকিৎসাক্ষেত্রে দেশে কোন বিষয়ের কতজন বিশেষজ্ঞ আছেন, এর কোনো হিসাব নেই বিএমডিসির কাছে। তবে দেশে কতজন এমবিবিএস ডিগ্রিধারী আছেন, এর তথ্য বিএমডিসিতে আছে।বিএমডিসির রেজিস্ট্রার জাহেদুল হক বসুনিয়া বলেন, ‘বিশেষজ্ঞদের যেহেতু স্বীকৃতি নেই, তাই অফিশিয়ালি দেশে কোনো বিশেষজ্ঞ নেই। এ জন্য আমাদের কাছে বিশেষজ্ঞদের কোনো তালিকাও নেই, তথ্যও নেই।’