ডিগ্রি নকলের অভিযোগ ওঠায় জার্মান প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ
জার্মানির প্রতিরক্ষামন্ত্রী কার্ল থিয়োডর জু গুটেনবার্গ গতকাল মঙ্গলবার পদত্যাগ করেছেন। অন্যের গবেষণা নিজের বলে চালিয়ে ডিগ্রি অর্জনের অভিযোগ ওঠায় তিনি এ সিদ্ধান্ত নেন। বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়েছে।কার্ল থিয়োডর জু গুটেনবার্গ বার্লিনে এক সংবাদ সম্মেলনে বলেন, এটি তাঁর জীবনের সবচেয়ে কষ্টদায়ক ঘটনা। ১০ হাজার জার্মান বুদ্ধিজীবী তাঁর এ বিষয়ে জার্মান চ্যান্সেলরের কাছে অভিযোগ করেছিলেন। গতকাল মঙ্গলবার গুটেনবার্গ বলেন, তিনি আর দায়িত্ব পালন করতে পারছেন না। তিনি তাঁর শক্তির শেষ পর্যায়ে পৌঁছে গেছেন। এ কারণে তিনি পদত্যাগের ঘোষণা দিচ্ছেন। প্রতিরক্ষামন্ত্রী গুটেনবার্গ ২০০৬ সালে করা গবেষণা নিবন্ধ প্রকাশ করেন। ওই নিবন্ধের অধিকাংশে তিনি অন্যদের কাজ নিজের বলে চালিয়ে দিয়েছেন উল্লেখ করে সম্প্রতি জার্মানির গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর থেকে তিনি বিরোধী দল ও গণমাধ্যমের চাপে ছিলেন। ৩৯ বছর বয়সী এই জনপ্রিয় মন্ত্রীকে জার্মানির বর্তমান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সম্ভাব্য উত্তরসূরি বলে বিবেচনা করা হচ্ছিল। গুটেনবার্গ তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি সচেতনভাবে কোনো অনৈতিক কাজ করেননি, তিনি কেবল কিছু ভুল করেছেন।