জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের পরীক্ষার সময়সূচি কিছুটা পরিবর্তন করা হয়েছে।আগামী ১ সেপ্টেম্বর এই কোর্সের অনুষ্ঠেয় সব পরীক্ষা ৫ সেপ্টেম্বর রোববার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। তবে অন্য সব পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে। আজ মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।অনলাইনে মাস্টার্স প্রথম পর্ব (প্রাইভেট) কোর্সের নিবন্ধন শুরু: পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৯ সালের মাস্টার্স প্রথম পর্ব (প্রাইভেট) কোর্সে নিবন্ধন অনলাইনে শুরু হয়েছে। চলবে আগামী ৪ নভেম্বর পর্যন্ত। তবে বিলম্ব ফিসহ নিবন্ধন চলবে ২৫ নভেম্বর পর্যন্ত।আগ্রহী শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu-bbs.info) নিবন্ধনের ফরম পূরণ করতে পারবেন। শিক্ষার্থীদের অবশ্যই পূরণ করা ফরমের একটি প্রিন্ট কপি, নির্ধারিত আবেদন ফি, নিবন্ধন ফি ও প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট কলেজে জমা দিয়ে জমা দেওয়ার অনুলিপি সংগ্রহ করতে হবে। অসম্পূর্ণ বা ভুল তথ্যসংবলিত আবেদন ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd ও www.nu-bbs.info) থেকে জানা যাবে।ডিগ্রি পাস প্রথম বর্ষের পরীক্ষা ফরম পূরণের সময় বৃদ্ধি: অন্য এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০০৮-০৯ শিক্ষাবর্ষের ডিগ্রি পাস প্রথম বর্ষ (বিশেষ) পরীক্ষার্থীদের ফরম পূরণের সময়সীমা ৬ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। যেসব পরীক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ করতে পারেননি, তাঁরাও বিলম্ব ফিসহ বর্ধিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।