ডিগ্রি পড়ার সময় ইসলামী ছাত্রসংঘে যোগ দিই
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা বলেছেন, ফরিদপুর রাজেন্দ্র কলেজে ডিগ্রিতে পড়ার সময় তিনি ইসলামী ছাত্রসংঘে (জামায়াতের সাবেক ছাত্রসংগঠন) যোগ দেন এবং সেখানকার সভাপতি নির্বাচিত হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদুল্লা হলে থাকার সময় একই সংগঠনের সভাপতি ছিলেন বলেও স্বীকার করেন কাদের মোল্লা। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী দলে যোগ দেন। আজ রোববার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ দ্বিতীয় দিনের মতো কাদের মোল্লার জবানবন্দি নেন আসামিপক্ষের আইনজীবী আবদুস সোবাহান তরফদার। এই জবানবন্দিতে এসব কথা জানান কাদের মোল্লা। কাদের মোল্লা বলেন, অষ্টম শ্রেণীতে পড়ার সময় তিনি ছাত্র ইউনিয়নে যোগ দিয়েছিলেন। কিন্তু ইসলাম ও কমিউনিজমের তুলনামূলক পড়াশোনার পর তিনি ইসলামের শ্রেষ্ঠত্ব বুঝতে পারেন। কাদের মোল্লা বলেন, ১৯৭৯ সালের মে মাসে জামায়াতের মুখপত্র ‘সংগ্রাম’ পত্রিকা পুনরায় প্রকাশিত হলে তিনি ওই পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। ১৯৮১ সালে তিনি ওই পত্রিকার নির্বাহী সম্পাদক হন।জবানবন্দির শেষপর্যায়ে কাদের মোল্লা বলেন, এখন তিনি মনে করেন, যাদের সঙ্গে রাজনৈতিক আন্দোলন করেছেন, সখ্য করেছেন, তারা শুধু রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তাঁর বিরুদ্ধে মামলা করেছে। তিনি আরও দাবি করেন, অভিযোগের সঙ্গে তাঁর বিন্দুমাত্র সংশ্লিষ্টতা ছিল না এবং নেই। জবানবন্দি শেষ হলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী কাদের মোল্লাকে জেরা শুরু করেন। জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আগামীকাল সোমবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।