ডিজিএফআই, বিজিবির মহাপরিচালকসহ পাঁচ পদে রদবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিজিএফআই ও বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকসহ গুরুত্বপূর্ণ পাঁচটি পদে রদবদল হয়েছে। ডিজিএফআই মহাপরিচালক (অফিশিয়েটিং) হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল কাজী ফখরুদ্দীন আহমেদ। মেজর জেনারেল আনোয়ার হোসেনকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।এ ছাড়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা পরিদপ্তরের (এনএসআই) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামসুদ্দিনকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়।গত রোববার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক লে. জেনারেল মোল্লা ফজলে আকবরকে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়। ডিজিএফআইয়ের মহাপরিচালক (অফিশিয়েটিং) হিসেবে দায়িত্ব পেয়েছেন সংস্থার পরিচালক (এফএসআইবি) কাজী ফখরুদ্দীন আহমেদ। মোল্লা ফজলে আকবর ২০০৯ সালের ৫ ফেব্রুয়ারি ডিজিএফআইয়ের মহাপরিচালক হিসেবে যোগদান করেছিলেন। সেনা সূত্র জানায়, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলামের চাকরির স্বাভাবিক মেয়াদ শেষ হবে আগামী ১৪ জুলাই। গত বছরের ৯ মে তিনি বিডিআরের মহাপরিচালক হিসেবে যোগদান করেছিলেন। তাঁর অবসরে যাওয়ার পরই নতুন মহাপরিচালক হিসেবে মেজর জেনারেল আনোয়ার হোসেন যোগ দেবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এ আদেশ জারি করে।বর্ডার গার্ডের নতুন মহাপরিচালক আনোয়ার হোসেন ময়মনসিংহের আর্মি রিসার্চ ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্ট ডক) জিওসি ছিলেন। আর্ট ডকের নতুন জিওসি হিসেবে নিয়োগ পেয়েছেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল এ কে এম মুজাহিদ উদ্দিন।গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের অন্য এক আদেশে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা পরিদপ্তরের (এনএসআই) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামসুদ্দিনকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়।