ডিজিএফআই ও বিজিবির মহাপরিচালক পদে রদবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেজর জেনারেল আনোয়ার হোসেনকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ মঙ্গলবার এ আদেশ জারি করে।এর আগে গত রোববার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবরকে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়। ডিজিএফআইয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন সংস্থার পরিচালক (এফএসআইবি) কাজী ফখরুদ্দীন আহমেদ। মোল্লা ফজলে আকবর ২০০৯ সালের ৫ ফেব্রুয়ারি ডিজিএফআইয়ের মহাপরিচালক হিসেবে যোগদান করেছিলেন।সেনা সূত্র জানায়, বর্ডার গার্ড বাংলাদেশের বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলামের চাকরির স্বাভাবিক মেয়াদ শেষ হয়ে যাবে আগামী ১৪ জুলাই। গত বছরের ৯ মে তিনি বিডিআরের মহাপরিচালক হিসেবে যোগদান করেছিলেন। তাঁর অবসরে যাওয়ার পরই নতুন মহাপরিচালক হিসেবে মেজর জেনারেল আনোয়ার হোসেন যোগ দেবেন। বর্ডার গার্ডের নতুন মহাপরিচালক আনোয়ার হোসেন ময়মনসিংহের আর্মি রিসোর্স ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্ট ডক) জিওসি ছিলেন। আর্ট ডকের নতুন জিওসি হিসেবে নিয়োগ পেয়েছেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল এ কে এম মুজাহিদ উদ্দিন।এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামসুদ্দিনকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয় বলে জানা গেছে।