ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তাসহ দুজনের প্রতি সমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মুফতি আবদুল হান্নানের দ্বিতীয় দফায় জবানবন্দি গ্রহণকারী বিচারক এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়াকে আসামিপক্ষের জেরা গতকাল সোমবার শেষ হয়েছে।একই দিন আদালত আরও দুজন সাক্ষীকে আদালতে সাক্ষ্য দিতে সমন জারি করেছেন। তাঁরা হলেন ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মিজানুর রহমান ও জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) নেতা মোসাদ্দেক বিল্লাহ। আজ মঙ্গলবার শুনানির দিন ধার্য রয়েছে।এই দুই সাক্ষীর মধ্যে বর্তমানে নৌবাহিনীতে কর্মরত মিজানুর রহমান এর আগের সরকারের আমলে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) জঙ্গিবাদ দমনসংক্রান্ত ব্যুরোতে কর্মরত ছিলেন। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে ডিজিএফআইয়ের তৎকালীন কতিপয় কর্মকর্তা কীভাবে ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িত হুজি নেতাদের পৃষ্ঠপোষকতা দিয়েছেন, তার বিবরণ দিয়েছেন। আর মোসাদ্দেক বিল্লাহ ছিলেন হুজি নেতা মুফতি হান্নানের সহযোগী। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত অস্থায়ী বিশেষ এজলাসে এ মামলার বিচারকাজ চলছে। গতকাল পর্যন্ত এই মামলায় ৬৭ জনের সাক্ষ্য-জেরা শেষ হয়েছে। এর আগে গত ৩ ফেব্রুয়ারি ঢাকার সাবেক অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া ২১ আগস্টের ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে করা দুটি মামলায় সাক্ষ্য দেন। পরদিন আসামিপক্ষ ওই সাক্ষ্য গ্রহণের বিষয়ে আপত্তি দেয় এবং তা প্রত্যাহার করার আবেদন করে। আদালত তা নাকচ করে দেন। এই আদেশের বিরুদ্ধে ৭ ফেব্রুয়ারি মুফতি হান্নানের পক্ষে হাইকোর্টে রিভিশন আবেদন করা হয়। গত ২২ এপ্রিল তা খারিজ করে দেন হাইকোর্ট। এরপর ২৯ মে থেকে ওই বিচারককে আসামিপক্ষ আবার জেরা শুরু করে। গতকাল তা শেষ হয়।২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২২ জন নিহত এবং শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এ মামলায় সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু ও জঙ্গি নেতা মুফতি হান্নানসহ ২২ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় সিআইডি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অধিকতর তদন্ত করে বিএনপির নেতা তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক সমাজকল্যাণমন্ত্রী আলী আহসান মুজাহিদ, সাবেক গোয়েন্দা ও পুলিশ কর্মকর্তাসহ ৩০ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়।