ডিজিটাল অন্ধকার থেকে দেশকে বাঁচাতে হবে: খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া বলেন, ‘বর্তমান সরকার নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলোর কিছুই বাস্তবায়িত হয়নি। মোটা চালের দাম ৩০ টাকার ওপরে, জিনিসপত্রের দাম আকাশছোঁয়া, পানির জন্য হাহাকার, গ্যাস-বিদ্যুতের দুর্ভিক্ষ চলছে।’ এই ডিজিটাল অন্ধকার থেকে দেশ ও জাতিকে বাঁচাতে শিক্ষক সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।আজ সোমবার বিকেল তিনটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষক প্রতিনিধি সম্মেলন ২০১০ অনুষ্ঠানে খালেদা জিয়া এসব কথা বলেন। শিক্ষক-কর্মচারী ঐক্যজোট, বাংলাদেশ শিক্ষক সমিতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।ভবিষ্যতে সরকার গঠন করতে পারলে এমপিওভুক্ত সব বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীর চাকরি জাতীয়করণ করার ঘোষণা দেন খালেদা জিয়া।খালেদা জিয়া বলেন, ‘আমরা চাই, শিক্ষকেরা দেশে শিক্ষার মান উন্নত করবেন। আমাদের সন্তানদের সুশিক্ষিত করবেন। রাজনৈতিক স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে শিক্ষকদের আমরা ব্যবহার করতে চাই না।’ তিনি বলেন, ক্ষমতাসীন দলের লোকেরা চরম দুর্নীতির আশ্রয় নিয়ে অর্থের বিনিময়ে অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়ে শিক্ষার মান ও নৈতিকতাকে কলুষিত করে ফেলেছে। এ অবস্থা চলতে থাকলে শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে যাবে।অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নাল আবদীন ফারুক, সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক, বিএনপির নেতা আমানউল্লাহ আমান ও বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি সেলিম ভূঁইয়া উপস্থিত ছিলেন।