ডিজিটাল নেটওয়ার্কের আওতায় স্বাস্থ্যসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্নের বাংলাদেশে চিকিৎসাসেবার রূপকল্প আঁকার আগে আমরা কিছু সমস্যা থেকে মুক্ত হতে চাই, যা আমাদের স্বাস্থ্যব্যবস্থাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে। আমরা এমন সময় থেকে স্বপ্নযাত্রা শুরু করব, যখন দেশে কোনো ধূমপান নেই, গাড়ির কালো ধোঁয়া নেই, পানিতে আর্সেনিক নেই, খাবারে ফরমালিন বা অন্য কোনো কেমিক্যাল বা ভেজাল নেই, রাস্তাঘাটে ময়লা নেই, নদীতে দূষণ নেই, ঘরে-বাইরে মশার উৎপাত নেই। এগুলো খুব দূরের কল্পনাও নয়। ছোট ছোট ব্যবস্থা, ছোট ছোট অভ্যাস আমাদের পরিবেশকে বদলে দিতে পারে, স্বাস্থ্য-উপযোগী করতে পারে।খুশখুশে কাশি থেকে শুরু করে ফুসফুসের ক্যানসারের চিকিৎসায় যে বিরাট খরচের ধাক্কা সামলাতে হয়, তার চেয়ে আগেভাগেই যদি ধূমপান বন্ধ করার কার্যকর ব্যবস্থা নেওয়া হয়, সেটাই হবে অনেক সহজসাধ্য কাজ। শুধু এই একটি ব্যবস্থা আমাদের স্বাস্থ্য-পরিস্থিতির ব্যাপক উন্নতি সাধন করবে, বাঁচাবে লক্ষ-কোটি প্রাণ, সাশ্রয় হবে বিপুল অঙ্কের টাকা, সেবাকেন্দ্রগুলোতে রোগীর চাপও কমিয়ে দেবে প্রচুর। আবার খাদ্যদ্রব্য ভেজাল বা কেমিক্যালমুক্ত করতে পারলেও আমরা অসংখ্য রোগব্যাধি থেকে বেঁচে থাকতে পারব। এমনিভাবে আমরা স্বপ্নের স্বদেশে দেখব, ঘরে ঘরে সবাই হাত ধোয়ার সংস্কৃতি চালু করেছে, যেখানে-সেখানে আবর্জনা ফেলা বন্ধ হয়েছে, খাবার ঢেকে রাখা হচ্ছে, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করা হচ্ছে ইত্যাদি। খাবারে নেই কোনো ভেজাল বা কোনো কেমিক্যাল। তার সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর জীবনের অভ্যাস গড়ে তোলার জন্য এক ব্যাপক সামাজিক আন্দোলন চলবে ঘরে ঘরে। এই সামাজিক উদ্যোগে স্বাস্থ্যকর্মী ছাড়াও জড়িত থাকবেন রাজনীতিবিদ ও প্রশাসনের কর্মকর্তারা, থাকবেন সাংবাদিক ও মিডিয়াকর্মী, থাকবেন স্কুল-কলেজের শিক্ষকেরা। সুস্বাস্থ্য গড়ে তোলাই হবে স্বাস্থ্যসেবার প্রথম পদক্ষেপ। চিকিৎসার ক্ষেত্রে বলা হয়, প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। আমাদের মতো দরিদ্র ও জনবহুল দেশে তা আরও সত্য। এখানে মানুষ বেশি, রোগও বেশি, কিন্তু সম্পদ কম। তাই রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা আমাদের দেশে যেমন অধিক কার্যকর হবে, তেমনি প্রচুর সম্পদ, অর্থ, লোকবল ও সময়েরও সাশ্রয় হবে। তাই আমাদের স্বাস্থ্যব্যবস্থার মূলমন্ত্রই হবে প্রতিরোধ। স্বাস্থ্যনীতিতে তা স্পষ্ট উল্লেখ থাকবে। চিকিৎসক ও স্বাস্থ্যসংশ্লিষ্ট সবাইকে সেভাবেই গড়ে তোলা হবে। প্রতিটি স্বাস্থ্যসেবাকেন্দ্রে আলাদা বিভাগ থাকবে রোগ প্রতিরোধের জন্য। এখান থেকে প্রতিটি শিশুর টিকা নেওয়া নিশ্চিত করা হবে, মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করা হবে, এলাকার প্রয়োজন অনুযায়ী বিশেষ সেবা দেওয়া হবে। এখান থেকেই নিয়মিত জনগণকে স্বাস্থ্যশিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হবে, স্কুল-কলেজে প্রচারের ব্যবস্থা করা হবে। কার্যক্রমগুলো অবশ্যই হবে এলাকার প্রয়োজন অনুযায়ী। প্রত্যেক চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য সহকারীর জন্য এসব কর্মসূচিতে একটি নির্দিষ্ট সময়ের জন্য অংশগ্রহণ বাধ্যতামূলক হবে। সেই সঙ্গে এলাকার জনপ্রতিনিধিসহ বিভিন্ন স্তরের মানুষও এতে ভূমিকা রাখবে।তবে প্রতিরোধ সত্ত্বেও কিছু কিছু রোগ থাকবেই, আর তার চিকিৎসাও করতে হবে। আমাদের দেশের বিদ্যমান চিকিৎসাব্যবস্থা এখন অনেকাংশেই রাজধানীনির্ভর। কিন্তু স্বপ্নের স্বদেশে সেবা থাকবে মানুষের দোরগোড়ায়। সাধারণ, নিত্যপ্রয়োজনীয় ও প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হবে গ্রামীণ সেবাকেন্দ্র থেকেই। সেই সঙ্গে থাকবে প্রতিরোধমূলক ব্যবস্থা, স্বাস্থ্যশিক্ষা দেওয়ার ব্যবস্থা, জনগণকে উদ্বুদ্ধ করার ব্যবস্থা। একটি নির্দিষ্ট স্থানের অধিবাসীদের জন্য এমন একটি ছোট স্বাস্থ্যকেন্দ্র থাকবে, যাতে স্বাস্থ্যকর্মী ছাড়াও স্থানীয় জনগণ সম্পৃক্ত থাকবে। তাদের সঙ্গে আলোচনা করে এলাকার প্রয়োজন অনুযায়ী কর্মকাণ্ড চলবে। কেন্দ্রের খরচের একটি অংশও আসবে এলাকাবাসীর অর্থায়নে। এরপর প্রয়োজন অনুযায়ী রোগীকে রেফার করা যাবে ইউনিয়ন স্তরের সেবাকেন্দ্রে, সেখানে সম্ভব না হলে উপজেলায় আর তারপর জেলা পর্যায়ে। চিকিৎসার জটিল সেবাগুলো জেলাতেই হয়ে যাবে। যেগুলো একদম ব্যয়বহুল বা গবেষণার স্তরে আছে, শুধু সেসবের জন্যই মানুষকে যেতে হবে রাজধানীতে।নিয়মিত এই সেবার পাশাপাশি বিশেষায়িত সেবাও গড়ে তোলা হবে। বিশেষ করে শিশুস্বাস্থ্যসেবা, স্ত্রী ও প্রসূতিসেবার পাশাপাশি বৃদ্ধদের স্বাস্থ্যসেবার আলাদা কেন্দ্র গড়ে তোলা হবে। এ ছাড়া জরুরি সেবার মান বাড়ানো এবং জরুরি ক্ষেত্রে প্রয়োজনে আর্থিক সহায়তা দিয়ে রোগীর সেবা নিশ্চিত করা হবে।একদম তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা দেওয়ার একটা সমস্যা হলো আমাদের পর্যাপ্ত চিকিৎসকের অভাব। প্রতিটি গ্রামে বা ওয়ার্ডে চিকিৎসক দিতে পারলে তো ভালোই হতো। কিন্তু বিকল্প চিন্তাও খারাপ নয়। আমরা চিকিৎসকের পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত একদল দক্ষ মেডিকেল সহকারী তৈরি করব, যাঁরা কাজ করবেন একদম গ্রামীণ সেবাকেন্দ্রগুলোতে। তাঁরা রোগ প্রতিরোধে মানুষকে উপদেশ দেবেন, টিকা দেওয়া, জন্মনিবন্ধনের মতো কাজগুলো করবেন, বাড়ি বাড়ি গিয়ে মানুষের সমস্যা নিয়ে কথা বলবেন, সচেতনতা সৃষ্টি করবেন। তাঁরা প্রাথমিক চিকিৎসাগুলো দিতে পারবেন। সর্দিজ্বর, পাতলা পায়খানার মতো সমস্যায় রোগীকে উপদেশ ও নির্দেশনা দিতে পারবেন, প্রয়োজনীয় ওষুধও দেবেন এবং অবশ্যই কখন রোগীকে চিকিৎসকের কাছে পাঠাতে হবে, তা জানবেন। ইউনিয়ন স্তরে কর্মরত চিকিৎসকের সঙ্গে তাঁরা সব সময় যোগাযোগ রক্ষা করবেন, স্বাস্থ্য-পরিস্থিতি সম্পর্কে জানাবেন। এতে চিকিৎসকের ওপর থেকে একটা বিরাট ভার নেমে যাবে, তাঁরা গুরুত্বপূর্ণ রোগীদের বেশি সময় দিতে পারবেন, নিজ এলাকার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে কাজ করতে পারবেন। আমরা সদ্য ইন্টার্নশিপ শেষ করা নবীন চিকিৎসকদের এখানে কাজে লাগাতে পারি। রেজিস্ট্রেশনের শর্ত হিসেবে প্রত্যেককে একটি নির্দিষ্ট সময় গ্রামীণ এসব স্বাস্থ্যকেন্দ্রে কাজ করতে হবে। এতে মানুষ যেমন উপকৃত হবে, চিকিৎসকও পেশার শুরুতেই মানুষের কাছাকাছি থেকে তাদের সমস্যাগুলোকে বুঝতে সক্ষম হবেন। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে কর্মরত চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর বেতন-ভাতাদিও কেন্দ্রের চেয়ে বেশি হবে। এতে সবাই গ্রামপর্যায়ে কাজ করতে উদ্বুদ্ধ হবেন।আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকেরও প্রচুর অভাব রয়েছে। এ ক্ষেত্রেও রেফারেল সিস্টেম আমাদের জন্য সুফল বয়ে আনবে। প্রাথমিক স্তরে যাঁরা চিকিৎসক থাকবেন, শুধু তাঁদের সুপারিশেই বিশেষজ্ঞ চিকিৎসক রোগী দেখতে পারবেন। এভাবে যেমন বিশেষজ্ঞের ওপর চাপ কমবে, তেমনি অযথাই পেটের রোগীর হূদেরাগ বিশেষজ্ঞের কাছে চলে যাওয়ার হয়রানিও কমবে। অযথা ছোটখাটো সমস্যা, যেমন—সর্দিকাশি নিয়ে বিশেষজ্ঞের কাছে দৌড়াদৌড়ি বন্ধ হবে। এতে যেসব রোগীর বিশেষজ্ঞ-চিকিৎসা প্রয়োজন, তাদের সময় নিয়ে সুচিকিৎসা দেওয়া সম্ভব হবে।নার্স ও অন্যান্য প্যারামেডিকের সংখ্যাও অবশ্যই বাড়ানো হবে। এ জন্য নার্সিং ইনস্টিটিউটসহ প্যারামেডিক ইনস্টিটিউট বাড়ানো হবে। তাঁরা হবেন যথাযথভাবে প্রশিক্ষিত, যাঁরা চিকিৎসক আসার আগেই প্রাথমিক চিকিৎসা দিতে পারবেন। রোগীর সঙ্গে সুন্দর ব্যবহার করবেন, দরদ দিয়ে সেবা করবেন, মানবিক নম্র-ভদ্র-শালীন আচরণ করবেন—এ ধরনের নার্স তৈরির যথাযথ ব্যবস্থা থাকবে। এ ছাড়া বিশেষায়িত নার্স তৈরির জন্য আরও ইনস্টিটিউট থাকবে, যেখান থেকে আইসিইউ বা সিসিইউর জন্য যথেষ্ট যোগ্য নার্স বের হবেন।আমাদের দেশে মূলধারার চিকিৎসার পাশাপাশি আরও কিছু চিকিৎসা-পদ্ধতি চালু আছে, যেমন—হোমিওপ্যাথি, ইউনানি, আয়ুর্বেদিক ইত্যাদি। প্রাকৃতিক উপাদাননির্ভর হওয়ায় এগুলোর পার্শ্বপ্রতিক্রিয়া কম এবং অনেকেই এগুলোতে আস্থা রাখে। আমাদের স্বপ্নের দেশে এসব বিকল্পও থাকবে, কিন্তু তা একটা কাঠামোর মধ্যে আসবে। বৈজ্ঞানিকভাবে গবেষণা চলবে এবং স্বীকৃত চিকিৎসা শুধু দেওয়া হবে। এসব বাদে অন্যান্য অলীক কল্পনা, তাবিজ-কবজ, মাটিতে পুঁতে চিকিৎসা, স্বপ্নে পাওয়া মহৌষধ—এসব পরিত্যাগ করার জন্য জনগণকে সচেতন করা হবে, প্রয়োজনে কঠোর আইন করে এগুলোকে প্রতিরোধ করা হবে।চিকিৎসাসেবার আগে যে মেডিকেল শিক্ষাব্যবস্থা, তারও একটা দৃশ্য আঁকা দরকার। সেই শিক্ষাব্যবস্থা হবে বাস্তবমুখী, গ্রামমুখী ও মানবতাবাদী। শিক্ষাজীবনের শুরুতেই শিক্ষার্থীদের দেশের মানুষের সঙ্গে, তাদের সমস্যার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে, মানবসেবার বীজটা তখনই বপন করা হবে। শুধু বৈজ্ঞানিক জ্ঞান আহরণ নয়, মৃতদেহ কাটাকাটি নয়, বরং মানুষকে চেনার, বোঝার ব্যবস্থা করা হবে। যে সমস্যা আমাদের নিজস্ব, সেটাকেই বেশি করে পড়তে হবে, জানতে হবে। নিজেদের স্বাস্থ্যসমস্যা চিহ্নিত করে সেগুলো নিয়ে বেশি গবেষণা করতে হবে। শিক্ষাব্যবস্থা মাতৃভাষায় হলেই ভালো। তার আগ পর্যন্ত অন্তত নিজেদের জন্য, নিজেদের মতো করে লেখা মেডিকেল-বিষয়ক বই থাকতে হবে। বাজারের মেডিকেল-বিষয়ক বইগুলো সব পশ্চিমা ধাঁচে লেখা। কিন্তু আমাদের দেশের মানুষের আর্থসামাজিক অবস্থার সঙ্গে খাপ খায়—এমন বইপুস্তক লিখে আমাদের ছাত্রদের হাতে তুলে দেওয়া হবে। চিকিৎসা-শিক্ষা এমন হবে যে তা একজন শিক্ষার্থীকে একই সঙ্গে একজন মানবিক অনুভূতিসম্পন্ন মানুষ, যথাযথ জ্ঞান ও দক্ষতাসম্পন্ন চিকিৎসক এবং বাস্তবমুখী বৈজ্ঞানিক করে গড়ে তুলবে।স্বাস্থ্য খাতে অর্থের জোগান একটি সমস্যা। এ ক্ষেত্রে সরকার আর বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠানের পাশাপাশি ধনী ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসবে। স্বাস্থ্য খাতে বিনিয়োগের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা বা সম্মাননা দেওয়া হবে। তারা বড় বড় হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান বা গবেষণাগারে বিনিয়োগ করবে, অনুদান দেবে। স্থানীয় পর্যায়ের ছোট ছোট সেবাকেন্দ্রকে এলাকার অধিবাসী ও সেবাভোগীরাই চালাবে, অন্তত খরচের একটা অংশ দেবে। এতে সরকারের ওপর চাপ যেমন কমবে, তেমনি মানুষের সম্পৃক্ততা বাড়বে, স্বাস্থ্য নিয়ে তাদের আগ্রহ বাড়বে এবং সেবাদাতার জবাবদিহি নিশ্চিত হবে।আমাদের দেশে চিকিৎসাসেবা দেওয়ার রেকর্ড রাখার প্রক্রিয়া অত্যন্ত প্রাচীন। একে অবশ্যই আধুনিক করা হবে। পুরো ব্যবস্থাকে ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনা হবে। প্রত্যেক রোগীর যাবতীয় তথ্য-উপাত্ত সংরক্ষিত থাকবে। এতে কোন রোগীর কী দরকার, তা মুহূর্তেই জানা যাবে। ধরুন, কারও এক বছরের বাচ্চার টিকা দেওয়া দরকার, কিন্তু তিনি বাচ্চাকে টিকা দিতে আনেননি। এ তথ্য কম্পিউটার জানিয়ে দেবে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীকে। তিনি ওই ব্যক্তির রেকর্ড থেকে তাঁর ঠিকানা বা ফোন নম্বর নিয়ে তাঁকে বার্তা পৌঁছে দেবেন। এভাবে সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। এর সঙ্গে সঙ্গে আমরাও জানতে পারব আমাদের স্বাস্থ্য-পরিস্থিতি। কোন রোগে কতজন ভুগছে, কোথায় কখন কোন রোগের প্রাদুর্ভাব হচ্ছে, কোথায় রোগী বেশি আর কোথায় কম—সব তথ্যই জানা সহজ হবে। ফলে পরিকল্পনা আর গবেষণা করাও সহজ হবে। ডিজিটাল প্রযুক্তির সফল প্রয়োগের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল থেকেও প্রয়োজনে টেলি-কনফারেন্সের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত নেওয়া যাবে। ধনী বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বড় বড় গবেষণা আর নিত্যনতুন ব্যয়বহুল চিকিৎসা আবিষ্কার আমাদের স্বপ্ন নয়। আমরা চাই আমাদের সমস্যাগুলোর সমাধান—ডেঙ্গুকে কী করে নিয়ন্ত্রণে আনা যায়, আর্সেনিককে কীভাবে দূর করা যাবে, মাতৃমৃত্যু, শিশুমৃত্যু কীভাবে কমানো যাবে। চিকিৎসাকে কোনোভাবেই ব্যবসা বা পণ্যে রূপান্তর করতে দেওয়া হবে না। উন্নত দেশের ব্যয়বহুল চিকিৎসা নয়, আমাদের নিজেদের জন্য মানানসই, স্বল্প ব্যয়ের চিকিৎসা উদ্ভাবন করতে হবে। আমাদের স্বপ্নের দেশে এ লক্ষ্যেই গবেষণা হবে, প্রতিরোধ হবে, চিকিৎসা হবে। প্রাথমিক চিকিৎসা, সাধারণ চিকিৎসা হবে সহজলভ্য, উন্নত জটিল চিকিৎসার হয়রানি কমবে। রোগের হাত থেকে নিস্তার হয়তো হবে না, মৃত্যুকে জয় করা যাবে না, কিন্তু চিকিৎসাসেবা নিয়ে মানুষ যেন অন্তত স্বস্তিতে থাকে, সেই ব্যবস্থা অবশ্যই থাকবে।ডা. এ বি এম আব্দুল্লাহ: ডিন, মেডিসিন অনুষদ, অধ্যাপক, মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।