ডিজিটাল বাংলাদেশ গড়তে নিয়ামক ভূমিকা পালন করবে ছাত্রশিবির: নিজামী
ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে ইসলামী ছাত্রশিবিরের ভূমিকাকে মূল্যায়ন করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে নিয়ামক ভূমিকা পালন করবে ছাত্রশিবির। আজ রোববার বিকেলে বড় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে ছাত্রশিবির আয়োজিত এক দোয়ার অনুষ্ঠানে নিজামী এসব কথা বলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে নিজামী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা বলছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করতে চাই, ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে ছাত্রশিবিরের গঠনমূলক কার্যক্রমের মূল্যায়ন ইতিবাচকভাবে দেখার চেষ্টা করুন।’ছাত্রলীগের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রীর উদ্দেশে নিজামী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ যদি সত্যিই গড়তে চান, তাহলে আপনার সোনার ছেলেদের দিয়ে এটা সম্ভব নয়।...ডিজিটাল বাংলাদেশ হবে জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। সেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নিয়ামক শক্তি হিসেবে ভূমিকা পালন করতে পারে ছাত্রশিবির। ছাত্রশিবির মানবসম্পদ তৈরির যে ভূমিকা পালন করছে, তা ইতিবাচকভাবে মূল্যায়ন করার চেষ্টা করুন।’এর আগে গত ৮ মার্চ নিজামী অন্য একটি আলোচনা সভায় ছাত্রশিবিরসহ সব ছাত্রদের সন্তানতুল্য মনে করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন।গত ১১ ফেব্রুয়ারি অজ্ঞাতনামা হামলাকারীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দিনকে কুপিয়ে হত্যা করে। ওই দিন রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তাদের কর্মী মোহাইমেন মারা গেছেন—এই দাবি করে ছাত্রশিবির বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছিল। পরের দিন মহিউদ্দিনের পরিচয় প্রকাশ পাওয়ার পর শিবির দাবি করে, মহিউদ্দিন তাদের কর্মী ছিল। তবে মহিউদ্দিনের পরিবারের সবাই আওয়ামী লীগের সমর্থক। তাঁর পরিবারের সদস্যরা বলেছেন, মহিউদ্দিন কোনো রাজনীতি করতেন না। তবে তিনি আওয়ামী লীগের সমর্থক ছিলেন।অন্যদিকে গত ২৮ মার্চ রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্র হারুন-অর রশিদের লাশ উদ্ধার করে পুলিশ। এবারও ছাত্রশিবির দাবি করে, হারুন তাদের সংগঠন করতেন। তবে হারুনের বাবা দিদারুল হক বলেছেন, ‘ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছি পড়াশোনা করতে, রাজনীতি করতে নয়। সে কোনো দল-টল করত না।’নিহত এই দুই ছাত্রকে শিবিরের কর্মী দাবি করে আজ তাদের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করে শিবির।সভাপতির বক্তব্যে শিবিরের সভাপতি রেজাউল করিম সরকারকে উদ্দেশ করে বলেন, ‘আমরা শুনি, মানবতাবিরোধী কী একটা করে বিচার করবেন। যদি মানবতাবিরোধী অপরাধের বিচার করতে হয়, তাহলে গত ১৫ মাসে ছাত্রলীগ যে অপকর্ম করেছে, তা ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করুন।’